উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করার চুক্তি করতে ২০২৪-এ আগ্রহ প্রকাশ করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি(Volodymyr Zelenskyy)। এবার তিনি জানালেন রাশিয়ার সঙ্গে তাঁর দেশের যুদ্ধ শেষ হলেই তিনি প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেবেন। জেলেনস্কি এক মার্কিন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমার লক্ষ্য যুদ্ধ শেষ করা। পদ আঁকড়ে বসে থাকা নয়।’ জেলেনস্কির(Volodymyr Zelenskyy) বক্তব্য, তিনি ক্ষমতায় থাকতে চান না। তিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হলেই প্রেসিডেন্ট পদ ছেড়ে দেবেন।
পুতিন সরকার কিন্তু জেলেনস্কিকে ইউক্রেনের বৈধ প্রেসিডেন্ট বলে মনে করে না। ক্রেমলিনের কাছে জেলেনস্কি(Volodymyr Zelenskyy) ইউক্রেনের ‘অবৈধ’ প্রেসিডেন্ট। সেই কারণে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শান্তি চুক্তি হলে তাতে প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির সইকে বৈধতা দেবে না মস্কো। চলতি বছরের শুরুতে এমন মন্তব্যই করেছিলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। ইউক্রেন রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তি করতে চায়।
লাভরভের বক্তব্য, দু-দেশের মধ্যে শান্তি নিয়ে আলোচনার পর চুক্তি হলে উভয় পক্ষকেই তাতে সই করতে হবে। সেক্ষেত্রে চুক্তি স্বাক্ষরের জন্য ইউক্রেনের তরফে বৈধ প্রেসিডেন্টকে থাকতে হবে। জেলেনস্কি ইউক্রেনের ‘ডি ফ্যাক্টো’ প্রধান।
প্রশ্ন, তাহলে রাশিয়া কি চুক্তির আগে জেলেনস্কির ইস্তফা চাইছে? এবিষয়ে কোনও বিবৃতি মেলেনি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি।
