উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ তিনি ব্যাট হাতে বাইশ গজে নামলেই প্রতিনিয়ত ভাঙাগড়ার খেলা চলে ক্রিকেট রেকর্ডের খাতায়। বুধবারও অকল্যান্ডের ইডেন পার্কে তার ব্যতিক্ৰম ঘটল না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে মাঠে নেমেই ফের এক ঐতিহাসিক নতুন নজির গড়ে ফেললেন বিরাট কোহলি (Virat Kohli World File)। বিশ্বের প্রথম ও একমাত্র ব্যাটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৩ হাজার রান করার এক অনন্য ও অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করলেন তিনি।
বৃহস্পতিবার বিরাটের জন্মদিন। জন্মদিনের ঠিক আগের দিন নিজেকে এবং বিশ্বজুড়ে ছড়ানো কোটি কোটি অনুরাগী ও ক্রিকেটপ্রেমীদের এই ঐতিহাসিক উপহার উপহার দিলেন ‘কিং কোহলি’। অকল্যান্ডের ইডেন পার্কে এই নজির গড়তে ম্যাচের আগে কোহলির প্রয়োজন ছিল মাত্র ১২ রান। নিজের ইনিংসের মাত্র ১৩তম বলেই ১ রান নিয়ে তিনি পৌঁছে যান এই পরম কাঙ্ক্ষিত ক্লাবে।
একদিনের ক্রিকেটে বরাবরই তিন নম্বর পজিশনটি ছিল বিরাটের সবচেয়ে শক্তিশালী দুর্গ। এই পজিশনে তিনি যে কতটা অপ্রতিরোধ্য ও ধারাবাহিক, তার প্রমাণ দিল তাঁর পরিসংখ্যান। মাত্র ২৫১টি ইনিংসে তিন নম্বরে ব্যাট করে কোহলি ১৩ হাজার রান পূর্ণ করেছেন। এই নির্দিষ্ট পজিশনে বিরাটের ঝুলিতে রয়েছে ৪৮টি শতরান এবং ৭০টি অর্ধশতরান।
আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে তিন নম্বরে ব্যাট করতে নেমে এখনও পর্যন্ত অনেক কিংবদন্তি ব্যাটারও ১০ হাজার রানের গণ্ডি স্পর্শ করতে পারেননি। কিন্তু সেখানে বিরাট কোহলি পৌঁছে গেলেন ১৩ হাজার রানের অধরা চূড়ায়। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের (১২,৬৬২ রান) সঙ্গে নিজের ব্যবধান আরও অনেকটাই বাড়িয়ে নিলেন তিনি।
৩ নম্বর পজিশনে ওডিআই-তে সর্বাধিক রান সংগ্রাহক:
- বিরাট কোহলি (ভারত): ১৩,০০০+ রান (২৫১ ইনিংস)
- রিকি পন্টিং (অস্ট্রেলিয়া): ১২,৬৬২ রান
- কুমার সঙ্গকারা (শ্রীলঙ্কা): ৯,৭৪৭ রান
- জাক কালিস (দক্ষিণ আফ্রিকা): ৭,৭৭৪ রান
- কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড): ৬,৫০৪ রান
- বাবর আজ়ম (পাকিস্তান): ৬,০৫৪ রান
- জো রুট (ইংল্যান্ড): ৫,৫২৫ রান
বর্তমান ক্রিকেটারদের মধ্যে বাবর আজম ও জো রুট এখনও খেলে গেলেও বিরাটের অলৌকিক এই রেকর্ডের ধারেকাছে তাঁরা পৌঁছাতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে।

