উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ অসুস্থতা ও শারীরিক লড়াইয়ের মাঝেই এবার বার্ধক্য আশ্রয়ে দিন কাটছে ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলীর (Vinod Kambli Outdated Age House)। শচীন তেন্ডুলকরের বাল্যবন্ধু তথা প্রাক্তন এই বাঁহাতি ব্যাটার মহারাষ্ট্রের ঠাণের ‘নিদান সেন্টার ফর এলডারলি কেয়ার’ থেকে একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন। ওই প্রবীণ নিবাসের সুব্যবস্থা ও পরিচ্ছন্নতার প্রশংসা করার পাশাপাশি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি। তবে ঠিক কী কারণে তাঁকে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে ৫৪ বছর বয়সি বিনোদ কাম্বলীকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমি বিনোদ কাম্বলী। আমি এখানে প্রচুর ভালোবাসা পাচ্ছি। এখানকার পরিবেশ দেখে আমার মনেই হচ্ছে না যে আমি বাড়িতে নেই। এখানকার স্বাস্থ্যবিধি এবং সার্বিক পরিচ্ছন্নতা একেবারে প্রথম শ্রেণীর। নিদানে আমি সত্যিই খুব ভালো সুযোগ-সুবিধা পাচ্ছি।’’ তাঁর এই ভিডিও প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ক্রিকেটপ্রেমীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
খেলোয়াড় জীবন থেকেই বিতর্কের পাশাপাশি বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছেন কাম্বলী। ঠিকমতো হাঁটতেও পারেন না তিনি। এছাড়া বার্ধক্যজনিত সমস্যা এবং আর্থিক অনটনের কথাও বিভিন্ন সময়ে সামনে এসেছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাঁর শারীরিক পরিস্থিতি বিবেচনা করে এবং নিয়মিত সঠিক পরিচর্যা ও সুস্থতা সুনিশ্চিত করতেই তাঁকে এই বিশেষ প্রবীণ নিবাসে রাখা হয়েছে। এর আগে গত মে মাসে অশক্ত শরীরেই মেয়েকে সঙ্গে নিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ দেখতে এসেছিলেন তিনি।
একসময়ে ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিভাবান বাঁহাতি ব্যাটার হিসেবে কেরিয়ার শুরু করলেও, অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং নানা বিতর্কের জেরে দ্রুত মূলস্রোত থেকে হারিয়ে যান তিনি। বর্তমানে তাঁর এই কঠিন পরিস্থিতিতে ক্রিকেমহল ও অনুরাগীরা তাঁর দ্রুত সুস্বাস্থ্য কামনা করছেন।

