উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দীর্ঘদিনের গুঞ্জন কি অবশেষে বাস্তবে রূপ নিতে চলেছে? দক্ষিণী সিনেমার হার্টথ্রব বিজয় দেবেরাকোন্ডা এবং ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা মান্দানার বিয়ে নিয়ে ফের উত্তাল সোশ্যাল মিডিয়া। এবার আর কেবল মুখে মুখে নয়, ইন্টারনেটে ঘুরপাক খাচ্ছে তাঁদের বিয়ের একটি ‘আমন্ত্রণপত্র’। যেখানে দাবি করা হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি অত্যন্ত ব্যক্তিগত অনুষ্ঠানে একে অপরের সঙ্গে সারাজীবনের অঙ্গীকারবদ্ধ হবেন এই জনপ্রিয় জুটি।
ভাইরাল হওয়া কার্ডে কী লেখা আছে?
ভাইরাল হওয়া সেই আমন্ত্রণপত্রে দেখা যাচ্ছে, বিজয়ের বয়ানে লেখা—”আমাদের পরিবারের ভালোবাসা ও আশীর্বাদে, আমি এবং রশ্মিকা আগামী ২৬.০২.২৬ তারিখে একটি ছোট ও ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছি।”
শুধু বিয়েই নয়, কার্ডে প্রীতিভোজের (Reception) তারিখও উল্লেখ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, আগামী ৪ মার্চ হায়দরাবাদের নামী হোটেল ‘তাজ কৃষ্ণ’-তে এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে উপস্থিত থাকবেন বিনোদন জগতের নক্ষত্ররা।
উদয়পুরে কি বসছে বিয়ের আসর?
বেশ কিছুদিন ধরে রাজস্থানের উদয়পুরের ‘সিটি প্যালেস’-এর একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গিয়েছিল প্রাসাদজুড়ে সাজ সাজ রব। তখন থেকেই গুঞ্জন শুরু হয় যে, ফেব্রুয়ারির শেষে হয়তো বিজয় ও রশ্মিকা সেখানেই চার হাত এক করবেন। যদিও সেই সময় কোনও পক্ষ থেকেই শিলমোহর দেওয়া হয়নি।
বিমান বন্দরে একসঙ্গে দেখা মিলল জুটির
বিয়ের খবর আরও জোরালো হয়েছে গত ১৫ ফেব্রুয়ারি, রবিবার হায়দরাবাদ বিমানবন্দরে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর। তাঁদের একই সময়ে এবং একই লোকেশনে উপস্থিতি অনুরাগীদের সন্দেহকে আরও উসকে দিয়েছে।
আসল না নকল?
এখনও পর্যন্ত বিজয় বা রশ্মিকা— কারোর পক্ষ থেকেই এই কার্ডের সত্যতা নিশ্চিত করা হয়নি। নেট দুনিয়ার একাংশের ধারণা, এটি কোনও ভক্তের তৈরি করা ভুয়ো কার্ডও হতে পারে। তবে ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ ছবির এই জুটির বাস্তব জীবনের প্রেম দেখার জন্য মুখিয়ে আছেন লক্ষ লক্ষ ভক্ত।
