উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভেনেজুয়েলার (Venezuela) রাজধানী কারাকাসে অবস্থিত প্রেসিডেন্টের ভবনের (Presidential palace) কাছে ফের পাওয়া গেল ব্যাপক গোলাগুলির শব্দ (Gunfire heard)। পাশাপাশি উড়তে দেখা গিয়েছে ড্রোনও (Drones noticed)। গত শনিবার সস্ত্রীক নিকোলাস মাদুরোকে (Nicolas Maduro) বন্দি করে আমেরিকা নিয়ে গিয়েছে মার্কিন সেনা। তারপর থেকেই ভেনেজুয়েলাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই মাঝে সোমবার রাতের এই ঘটনায় সেই উত্তেজনা আরও বাড়ল।
সূত্রের খবর, সোমবার রাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের ভবন মিরাফ্লোরেস প্যালেসের আশেপাশে বেশ কিছু ড্রোন উড়তে দেখা যায়। যার প্রতিক্রিয়ায় নিরাপত্তা বাহিনী পালটা গুলি চালায়। তবে আমেরিকা সাফ জানিয়ে দিয়েছে, এই ঘটনার সঙ্গে তারা জড়িত নয়। অন্যদিকে এক সংবাদসংস্থা জানিয়েছে, প্রেসিডেন্টের ভবনের কাছে নিরাপত্তারক্ষীদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনা ঘটেছে। যদিও ভেনেজুয়েলা সরকারের তরফে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে জানানো হয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে, সোমবারই সোমবারই সে দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজ। তার কয়েক ঘণ্টার মধ্যেই এই ঘটনা ঘটল।
ইতিমধ্যেই মাদক-সংক্রান্ত অভিযোগে মাদুরোকে নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালতে হাজির করানো হয়েছে। কিন্তু আদালতে নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন মাদুরো এবং তাঁর স্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পঅ জানিয়ে দিয়েছেন, ভেনেজুয়েলার সংস্কার না হওয়া পর্যন্ত সেখানে নির্বাচন হতে দেবেন না তিনি। একদিকে রুশ ও চিনা সমর্থিত মাদুরো পন্থী গোষ্ঠী এবং অন্যদিকে মার্কিন চাপের মুখে থাকা অন্তর্বর্তীকালীন সরকার, সব মিলিয়ে ভেনেজুয়েলা এখন এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে।
