উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ভারতীয় রেলের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা হতে চলেছে। খুব শীঘ্রই কলকাতা-গুয়াহাটি রুটে ছুটবে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। নয়াদিল্লি রেল স্টেশনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো স্বয়ং ট্রেনের ভেতরে ঘুরে দেখেন এবং আধুনিক পরিষেবাগুলোর কথা তুলে ধরেন। চলুন দেখে নেওয়া যাক কী কী থাকছে এই ট্রেনের ভেতর :
১. আধুনিক বার্থ ও জানালা: বিমানে যেমন জানালার পর্দা ওঠানামা করা যায়, বন্দে ভারত স্লিপারেও থাকছে ‘অ্যাডজাস্টেবল উইন্ডো শেডস’। এর পাশাপাশি বার্থগুলোতে দেওয়া হয়েছে উন্নতমানের কুশনিং, যা দীর্ঘ যাত্রায় দেবে আরামদায়ক ঘুমের অভিজ্ঞতা।

২. বিশেষ ওয়াশ বেসিন: ট্রেনের টয়লেট এবং বেসিনের জল যাতে বাইরে ছিটে না আসে, তার জন্য ব্যবহার করা হয়েছে বিশেষ ‘ডিপ ওয়াশ বেসিন’। এছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে এতে যুক্ত করা হয়েছে ‘ডিসইনফেক্ট্যান্ট প্রযুক্তি’।

৩. দৃষ্টিহীনদের জন্য বিশেষ ব্যবস্থা: রেলে এই প্রথম প্রতিটি সিট নম্বর চিহ্নিত করার জন্য ‘ব্রেইল’ (Braille) পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এর ফলে দৃষ্টিহীন যাত্রীরা কারও সাহায্য ছাড়াই সহজে তাঁদের আসন খুঁজে নিতে পারবেন।
৪. যাত্রী সুরক্ষা ও ‘কবচ’: সুরক্ষায় কোনও আপস নয়! ট্রেনটিতে থাকছে দেশীয় প্রযুক্তিতে তৈরি ট্রেন সুরক্ষা ব্যবস্থা ‘কবচ’ (Kavach)। এছাড়াও আপদকালীন পরিস্থিতির জন্য থাকছে ‘ইমারজেন্সি টক-ব্যাক’ সিস্টেম, যার মাধ্যমে যাত্রীরা সরাসরি চালকের সঙ্গে কথা বলতে পারবেন।

৫. উন্নত ডিজাইন ও ক্যাটারিং: ১৬ কোচের এই ট্রেনে থাকবে ১১টি থ্রি-টিয়ার (3AC), ৪টি টু-টিয়ার (2AC) এবং ১টি ফার্স্ট এসি (1AC) কোচ। মধ্যবিত্তের সাধ্যের কথা মাথায় রেখে ভাড়াও রাখা হয়েছে নাগালের মধ্যে। খাবারের খরচ সহ থ্রি-টিয়ারের ভাড়া হতে পারে প্রায় ২,৩০০ টাকা।

