উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যোগীরাজ্যে (Uttar Pradesh) প্রকাশ্যে কুপিয়ে খুন হল এক সাংবাদিককে (Journalist)! বৃহস্পতিবার সন্ধ্যায় একটি হোটেলের সামনে দাঁড়িয়েছিলেন ওই সাংবাদিক। আচমকা তাঁর ওপর চড়াও হয় বেশকিছু দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই ছুরি দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকে দুষ্কৃতীরা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত সাংবাদিকের নাম লক্ষ্মী নারায়ণ সিং। বয়স ৫৪ বছর। গতকাল তিনি যখন প্রয়াগরাজের সিভিল লাইনস এলাকার একটি হোটেলের সামনে দাঁড়িয়েছিলেন ঠিক তখন তাঁর ওপর দুষ্কৃতীরা চড়াও হন। ছুরি দিয়ে একাধিকবার আঘাত করা হয়। ওই অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় রানি নেহরু হাসপাতালে। হাসপাতালে পৌঁছতেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা।
পুলিশের পক্ষ থেকে জানা গেছে, ইতিমধ্যেই ঘটনাস্থলের সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখে গতকাল রাতেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার (Arrest) করেছে পুলিশ (Police)। আরও দুই সন্দেহভাজনকে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
উল্লেখ্য, কী কারণে ওই সাংবাদিককে খুন করা হল? তা এখনও বুঝতে পারছে না পুলিশ। তবে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দাবি করেছে সাংবাদিকের পরিবার।
