উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার কৃষ্ণসাগরে আন্ডারওয়াটার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হল দুটি রুশ তেল ট্যাঙ্কার! ইউক্রেন আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেছে। ইউক্রেনের অভিযোগ,পশ্চিমি দেশগুলির নিষেধাজ্ঞার দরুন রাশিয়া যে ‘ছায়া বহর’ ব্যবহার করে তেল রপ্তানি করছে, এই ট্যাঙ্কার দু’টি সেই বহরেরই অংশ।
ইউক্রেনের গুপ্তচর সংস্থা এসবিইউ সূত্রে খবর, ইউক্রেনীয় বাহিনী ট্যাঙ্কার দু’টিকে চিহ্নিত করেছে। একটির নাম ‘বিরাট’ এবং অন্যটি ‘কাইরোস’। জানা গিয়েছে, হামলার সময় জাহাজ দু’টি খালি ছিল এবং তারা রাশিয়ার অন্যতম প্রধান তেল রপ্তানি বন্দর নোভোরোসসিস্ক-এর দিকে যাচ্ছিল।
শনিবার কিভের গুপ্তচর সংস্থার এক আধিকারিক নিশ্চিত করেছেন, ইউক্রেনীয় বাহিনী এই দুটি ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে। কিভের দাবি, ক্রেমলিন এই ‘ছায়া বহর’ ব্যবহার করে তেল বিক্রি করছে এবং সেই অর্থ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যয় করছে।
তুরস্কের বসফরাস প্রণালীর কাছাকাছি এই হামলা ঘটে। ঘটনা প্রসঙ্গে ইউক্রেনীয় গুপ্তচর সংস্থার এক আধিকারিক বলেন, “ভিডিওতে দেখা যাচ্ছে, হামলার পরে দু’টি ট্যাঙ্কারই গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি রুশ তেল পরিবহণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য আঘাত।”
