উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ উয়েফা নেশনস লিগের ফাইনালে পৌঁছে গেল স্পেন। এদিনের রুদ্ধশ্বাস সেমিফাইনাল ম্যাচে ৫-৪ গোলে ফ্রান্সকে হারিয়ে দেয় স্পেন। ফাইনালে তারা মুখোমুখি হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের।
বৃহস্পতিবার রাতের সেমিফাইনালে প্রথমদিকে পুরোপুরি দাপট দেখিয়ে খেলে স্পেন। খেলার ৫৫ মিনিটে ৪ গোলে এগিয়ে গিয়েছিল তারা। এই সময়ে স্পেনের হয়ে গোলগুলি করেন নিকো উইলিয়ামস (২২ মিনিট), মিকেল মেরিনো (২৫ মিনিট), ইয়ামাল (পেনাল্টি, ৫৪ মিনিট) এবং পেড্রি (৫৫ মিনিট)। কিন্তু খেলার ৫৯ মিনিটে আচমকাই পেনাল্টি পায় ফ্রান্স। সেই পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সের নাটকীয় লড়াইয়ের সূচনা করে দেন এমবাপে। এরপর খেলার ৬৭ মিনিটে স্পেনের হয়ে ফের গোল করেন ইয়ামাল। কার্যত একক দক্ষতায় করা ইয়ামেলের এই গোলটি। কিন্তু এরপরেও বিন্দুমাত্র দমে না গিয়ে অলআউট লড়াই করা শুরু করে ফ্রান্স। খেলার ৭৯ মিনিটে রায়ান চেরকির করা চোখজুড়ানো গোলে ব্যাবধান কমায় স্পেন। এর ঠিক ৫ মিনিট বাদে আত্মঘাতী গোল করে বসেন স্পেনের দানি ভিভিয়ান। খেলার স্কোর তখন ৫-৩। খেলার একেবারে শেষদিকে এসে একটি গোল করে স্কোর ৫-৪ করতে সক্ষম হন ফ্রান্সের কলো মুয়ানি। কিন্তু খেলার শেষের দিকে ফ্রান্সের এই অদম্য লড়াই সত্ত্বেও ম্যাচটি ৫-৪ ব্যবধানে জিতে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে স্পেন। প্রসঙ্গত, বছরখানেক আগে ইউরো সেমিফাইনালেও এই স্পেনের কাছেই হার স্বীকার করতে হয়েছিল ফ্রান্সকে। এবারেও ঘটল সেই একই ঘটনার পুনরাবৃত্তি।
