বিশ্বজিৎ প্রামাণিক, পতিরাম: পারপতিরাম এলাকার ১১ বছরের কিশোর মোহন ঘোষ বুধবার রওনা দিল ব্রাজিলের উদ্দেশ্যে। শুরু হল তার জীবনের এক ঐতিহাসিক অধ্যায়। পতিরাম উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এই ছাত্রটি (Patiram) আন্তর্জাতিক অনূর্ধ্ব-১২ ‘গো কাপ’ ফুটবল টুর্নামেন্টে গোলকিপার (Goalkeeper) হিসেবে অংশ নিতে চলেছে আন্ধেরি ফুটবল অ্যাকাডেমির হয়ে (U-12 Go Cup Brazil)।
কয়েক মাস আগে বালুরঘাট টাউন ক্লাব মাঠে সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে আয়োজিত ফুটবল ট্রায়াল থেকে নির্বাচিত হয় মোহন। আন্তর্জাতিক কোচ মলয় সেনগুপ্তর নজরে পড়ে তার প্রতিভা। কয়েকদিন আগেই সম্পূর্ণ হয়েছে তার রেজিস্ট্রেশন প্রক্রিয়া।
ব্রাজিলের গোইয়ানিয়া শহরে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে পিএসজি, এসি মিলান, ভাস্কো দা গামার মতো বিশ্বখ্যাত ক্লাবগুলির অনূর্ধ্ব-১২ দল অংশ নেবে। সেই মঞ্চেই নিজের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে মোহন।
অত্যন্ত সাধারণ পরিবারের সন্তান মোহনের বাবা শিলিগুড়ির একটি হোটেলে কাজ করেন। আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও তার ফুটবলের প্রতি অদম্য আগ্রহ ও কঠোর পরিশ্রমই তাকে এনে দিয়েছে এই বিরল সুযোগ। পিএইচএস ৯২ আকাদেমি ও কোচদের তত্ত্বাবধানে পারপতিরাম মাঠে তার ফুটবলের হাতেখড়ি। পরিবারের পাশাপাশি কোচ ও এলাকার মানুষদের সমর্থন তার পথ চলার শক্তি।
মোহনের এই সাফল্য শুধু তার ব্যক্তিগত নয়, গোটা দক্ষিণ দিনাজপুরের গর্ব। তার এই যাত্রা ভবিষ্যতে আরও বড় সাফল্যের দরজা খুলে দিক— এই কামনাই সকলের।
