বর্ধমান: বিজেপি কর্মীদের ধার্য করা ২৩ লক্ষ টাকা জরিমানা মেটানোর সামর্থ্য না থাকায় বিষ খেয়ে আত্মঘাতী হলেন বর্ধমান ১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন তৃণমূল কর্মাধ্যক্ষ স্বরূপ রানা (৪৬) (Trinamool Chief Suicide)। বুধবার সকালে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বর্ধমানের রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়ে গিয়েছে।
মৃতের ভাই শ্যামল রানা দেওয়ানদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানানো হয়েছে, স্বরূপ রানা তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। কয়েকদিন আগে তাঁর বাড়িতে হামলা চালানো হয় এবং গত সোমবার তাঁকে বিজেপির দলীয় অফিসে সালিশি সভায় ডাকা হয়। সেখানে স্বরূপ রানার ওপর ৫০ লক্ষ টাকা জরিমানা চাপানো হয়, যা পরে ২৩ লক্ষ টাকায় রফা করা হয়। শ্যামল রানার দাবি, সাত দিনের মধ্যে টাকা না দিলে পরিবারকে গ্রাম ছাড়া করার হুমকি দেয় অভিযুক্তরা।
পরিবারের সদস্যদের অভিযোগ, ২৩ লক্ষ টাকা জোগাড় করার কোনো সামর্থ্য তাঁদের ছিল না। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন স্বরূপ রানা। মঙ্গলবার বাড়িতেই বিষপান করেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। স্বরূপবাবুর স্ত্রী রেবা দেবী ও সপ্তম শ্রেণি পড়ুয়া ছেলের কান্নায় ভেঙে পড়েছেন এলাকাবাসী।
এই প্রসঙ্গে স্থানীয় বিজেপির মণ্ডল সভাপতি রাজকুমার সাউ জানান, দলের নাম জড়িয়ে এই ঘটনায় তিনজনকে শো-কজ করা হয়েছে। বিজেপির জেলা মুখপাত্র কল্যাণ মাজির দাবি, “সালিশি সভা বসিয়ে জরিমানা করা দল অনুমোদন করে না।”
তৃণমূল নেত্রী কাকলি তা গুপ্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, “এখন সর্বত্র জরিমানা আদায় চলছে। চাপের মুখে পড়ে আমরা আমাদের এক কর্মীকে হারালাম।” ঘটনার গুরুত্ব বিবেচনা করে দেওয়ানদিঘি থানা নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে। এদিন হাসপাতাল মর্গে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

