Tremendous Cup | সুপার কাপে টানটান উত্তেজনা! শেষ মুহূর্তের গোলে ইস্টবেঙ্গলকে রুখে দিল ডেম্পো

Tremendous Cup | সুপার কাপে টানটান উত্তেজনা! শেষ মুহূর্তের গোলে ইস্টবেঙ্গলকে রুখে দিল ডেম্পো

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুপার কাপ-এর উদ্বোধনী ম্যাচেই দেখা গেল টান টান উত্তেজনা এবং নাটকীয়তা। শনিবার জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে ডেম্পো এসসি শেষ মুহূর্তের গোলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ২-২ ড্র করে মূল্যবান ১ পয়েন্ট ছিনিয়ে নিল। ম্যাচের প্রায় পুরোটা সময়ই ইস্টবেঙ্গল নিয়ন্ত্রণ রাখলেও, সুযোগ নষ্ট এবং খেলার শেষের ‘আলস্য’ তাঁদের জয় থেকে বঞ্চিত করল।

ম্যাচের শুরুতে প্রত্যাশা মতোই ইস্টবেঙ্গল আগ্রাসী ফুটবল খেলতে শুরু করে, কিন্তু গোলের দরজা খুলতে পারেনি। উল্টো দিকে, ২৭তম মিনিটে গোল করে এগিয়ে যায় ডেম্পো। একটি সেট-পিস থেকে আসা ভাসানো বলে ইস্টবেঙ্গলের অভিজ্ঞ গোলরক্ষক দেবজিৎ মজুমদার ফ্লাইট মিস করেন। বল তাঁর নাগালের বাইরে চলে যাওয়ায়, গোলের সামনে থাকা মহম্মদ আলি সহজেই তা জালে জড়িয়ে দেন (১-০)। এই গোলের পর প্রথমার্ধে আর কোনও গোল হয়নি।

দ্বিতীয়ার্ধে খেলা শুরুর বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই যেন খেলা ঘুরে যায়। মাত্র ৩৩ সেকেন্ডের মধ্যেই সমতা ফেরায় ইস্টবেঙ্গল। বক্সের বাঁ-দিক থেকে নেওয়া একটি শট ডেম্পো গোলরক্ষক আশিস সিবি ঝাঁপিয়ে আটকালেও বল সরাসরি চলে আসে মহেশ নাওরেম সিং-এর পায়ে। মহেশ কোনও ভুল না করে গ্রাউন্ডেড শটে বল জালে জড়িয়ে দেন (১-১)। এরপর ৫৭তম মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন মিগুয়েল ফেরেইরা। বাঁ-দিক থেকে প্রায় ‘অসম্ভব’ এক অ্যাঙ্গেল থেকে শট নেন তিনি। শটটি সিবিকে পরাস্ত করে জালে আছড়ে পড়তেই ইস্টবেঙ্গল শিবির উল্লাসে ফেটে পড়ে (২-১)।

২-১ গোলে এগিয়ে গিয়েও ইস্টবেঙ্গল ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে পারলেও ব্যবধান বাড়াতে পারেনি। মহেশ নাওরেম সিংয়ের একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। অন্যদিকে, ব্রুজোর দল সুযোগ তৈরি করলেও গোলের সামনে ফিনিশিংয়ে বারবার ব্যর্থ হয়। আর এই ব্যর্থতারই চরম মূল্য দিতে হয় তাদের খেলার একেবারে অন্তিম লগ্নে।

৮৯তম মিনিটে ইস্টবেঙ্গলের রক্ষণকে স্তম্ভিত করে ডেম্পোর জয়েশ রানে বক্সের প্রান্ত থেকে একটি চমৎকার প্লেসড শটে গোল করে বসেন। তাঁর নিখুঁত শট খেলায় সমতা ফিরিয়ে আনে (২-২) এবং ইস্টবেঙ্গলের নিশ্চিত জয় কেড়ে নিয়ে ডেম্পোকে এক মূল্যবান পয়েন্ট এনে দেয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *