উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একটানা কম্পিউটারের সামনে বসে কাজ করতে হয় অফিসে। আর কাজের চাপ বেশি থাকলে কম্পিউটারের সামনে থেকে ওঠারও সময় পাওয়া যায় না। এদিকে, অফিস থেকে বাড়িতে ফিরেও ফোন ঘাঁটাঘাঁটি করতেই হয়। আর এসবের প্রভাব পড়ে চোখে। চোখ থেকে জল পড়া, চোখ জ্বালা করার মতো সমস্যা দেখা দিতে শুরু করে। তাই চোখের যত্ন নিতে চাইলে নিয়মিত কিছু ব্যায়াম করতে পারেন (Train)। এতে চোখ কিছুটা হলেও ভালো রাখতে পারবেন। সেগুলি কী কী, জেনে নিন।
ঘনঘন চোখের পলক ফেলা
চোখের পলক ফেলার অভ্যাসও কিন্তু চোখের জন্য খুব গুরুত্বপূর্ণ। কম্পিউটার বা মোবাইল থেকে বিচ্ছুরিত তীব্র আলো এক ভাবে চোখের উপর এসে পড়লে সমস্যা হতেই পারে। এই সমস্যা থেকে সহজে মুক্তি পাওয়ার উপায় হল বারবার চোখের পলক ফেলা।
চোখের মণি ঘোরানো
একটানা কম্পিউটারের সামনে বসে কাজ করলে চোখের পেশির উপর চাপ পড়া স্বাভাবিক। তাই কাজের ফাঁকেই চোখ বন্ধ করে, চোখের মণি গোল করে চোখের চারদিকে ঘোরান। একবার বাঁ দিক থেকে ডান দিক, আবার ডান দিক থেকে বাঁ দিকে ঘোরানোর অভ্যাস করুন।
গরম সেঁক দেওয়া
চোখের উপর গরম সেঁক দিলে অশ্রুগ্রন্থি থেকে জল বেরিয়ে আসে। চোখের পেশির চাপ নিয়ন্ত্রণ করতে এই পদ্ধতি অনেকটাই সাহায্য করে। চোখে ব্যথা নিয়ে ব্যায়াম করতে না পারলে গরম সেঁক দিয়ে আগে ব্যথা কমিয়ে নিন। তারপর হালকা ব্যায়াম করুন।
