TMC Protest | কালীঘাট তৃণমূলের মিছিল ঘিরে ধুন্ধুমার, উঠল ‘চোর’ স্লোগান

TMC Protest | কালীঘাট তৃণমূলের মিছিল ঘিরে ধুন্ধুমার, উঠল ‘চোর’ স্লোগান

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বারুইপুরের ঘটনার (Baruipur Incident) প্রতিবাদে বুধবার উত্তাল হয়ে উঠল হাজরা মোড়। কলকাতা হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি নিয়ে বালিগঞ্জ ফাঁড়ি থেকে কালীঘাট তৃণমূলের (TMC Protest) আয়োজিত প্রতিবাদ মিছিল শুরু হলেও, হাজরায় পৌঁছাতেই পরিস্থিতির অবনতি ঘটে। মিছিলের ঠিক উল্টো দিক থেকে আসা ‘চোর চোর’ স্লোগান এবং ‘মাছ চোর’ গানকে কেন্দ্র করে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়।

হাইকোর্টের নির্দেশ মেনে মিছিল হওয়ার কথা থাকলেও, হাজরা মোড়ে মিছিলটি পৌঁছাতেই রাস্তার একপাশ থেকে স্লোগান ও ব্যঙ্গাত্মক গান চালানোর অভিযোগ ওঠে। তৃণমূলের (TMC) অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের মিছিলকে বাধা দেওয়া হয়েছে এবং এই উত্তেজনার নেপথ্যে রয়েছে বিজেপি। মুহূর্তের মধ্যে পরিস্থিতি রণক্ষেত্র চেহারা নেয়। দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতি শুরু হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী দ্রুত উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মিছিলের মাঝপথে এমন বিশৃঙ্খলা কেন, তা নিয়ে শহরজুড়ে তৈরি হয়েছে রহস্য।

প্রসঙ্গত, বারুইপুর কাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মঙ্গলবার রাতে পুলিশি এনকাউন্টারে মৃত্যুর পর থেকেই রাজ্য রাজনীতিতে প্রতিবাদের ঝড় উঠেছে। পুলিশের দাবি, ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা করলে তাকে গুলি করা হয়। এই ঘটনার পর বিরোধী দলগুলি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মিছিলের ডাক দিয়েছিল। এর মাঝেই কালীঘাট তৃণমূলের এই মিছিল এবং তাতে বাধা দেওয়া ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

একদিকে যখন নাবালিকা খুনের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব সব পক্ষ, তখন ঠিক সেই ইস্যুতেই রাজনৈতিক মিছিলের নামে এই বিশৃঙ্খলা সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে। তৃণমূলের অভিযোগ, অশান্তি ছড়ানোর জন্য বিজেপির কর্মীরাই এই জঘন্য কাজ করেছে, অন্যদিকে বিজেপি (BJP) শিবির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। সব মিলিয়ে হাজরা মোড়ের এই ঘটনা নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে দিল। আপাতত পুলিশি নজরদারিতে এলাকা শান্ত রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *