হলদিবাড়ি: ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে আয়োজিত তৃণমূলের বাইক মিছিলে (TMC Bike Rally) ঘটে গেল জোড়া দুর্ঘটনা। মঙ্গলবার হলদিবাড়িতে এই মিছিল চলাকালীন বাইক থেকে পড়ে গিয়ে চোট পেলেন মেখলিগঞ্জের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক তৃণমূল কর্মী।
মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রায় ২৬ হাজার ভোটারের নাম ‘বিচারাধীন’ বা এসআইআর তালিকায় রাখার প্রতিবাদে এদিন হলদিবাড়ি নতুন বাস টার্মিনাস থেকে এক সুবিশাল বাইক র্যালির ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। মিছিলে কয়েকশ কর্মী-সমর্থক যোগ দেন।
মিছিলের শুরুর দিকে দক্ষিণ বড় হলদিবাড়ি এলাকায় পৌঁছালে অন্য একটি বাইকের ধাক্কায় পায়ে গুরুতর আঘাত পান তৃণমূল কর্মী সঞ্জিত কুমার মিত্র। তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লে কাউন্সিলর বিশ্বজিৎ সরকার তাঁকে উদ্ধার করে দ্রুত হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন।
এরপর মিছিল শেষ করে বাস টার্মিনাসে ফেরার মুখে ঘটে দ্বিতীয় দুর্ঘটনাটি। পাশাপাশি থাকা দুটি বাইকের হ্যান্ডেলে ধাক্কা লাগলে তিনটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এর মধ্যেই একটি বাইকে সওয়ার ছিলেন বিধায়ক পরেশচন্দ্র অধিকারী। বাইক থেকে পড়ে গিয়ে তিনি সামান্য চোট পান। দ্রুত তাঁর চোখে-মুখে জল দিয়ে প্রাথমিক শুশ্রূষা করা হয়। তবে তাঁর চোট গুরুতর নয় বলে জানা গিয়েছে।
এদিনের বাইক র্যালিতে পরেশ অধিকারী-সহ তৃণমূলের অধিকাংশ কর্মী-সমর্থকের মাথাতেই হেলমেট ছিল না। সরকারি নিয়ম উপেক্ষা করে এভাবে হেলমেটহীন বাইক মিছিল করার ঘটনায় সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে। বিধায়ক ও দলীয় কর্মীরা কেন ট্রাফিক নিয়ম মানলেন না, তা নিয়ে ইতিমধ্য়েই সমালোচনা শুরু হয়েছে।
