উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আগামী বছরের ৫০ ওভারের বিশ্বকাপের প্রস্তুতি ও দল গঠনের পরিকল্পনা এখন থেকেই শুরু করে দিয়েছেন প্রধান নির্বাচক অজিত আগরকর এবং কোচ গৌতম গম্ভীর (Tilak Varma ODI World Cup Plan)। জাতীয় নির্বাচকদের নজর এখন মূলত দলের মিডল অর্ডারের দিকে। অধিনায়ক শুভমন গিলের অধীনে ব্যাটিং অর্ডারের প্রথম ছয়টি স্থান নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। আর এই ভাবনায় শ্রেয়স আয়ারের বিকল্প হিসেবে উঠে আসছে বাঁহাতি ব্যাটার তিলক বর্মার নাম। ২৩ বছর বয়সী এই ক্রিকেটারকে অফ স্পিন বোলিংয়ে আরও উন্নতি করার পরামর্শ দিয়েছে বিসিসিআই।
বোর্ডের একটি সূত্রের খবর, অধিনায়ক শুভমন এবং কোচ গম্ভীর মনে করছেন দলে কার্যকর ষষ্ঠ বোলারের অভাব রয়েছে। অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য ও নীতীশ কুমার রেড্ডির ঘনঘন চোট পাওয়ার প্রবণতায় বিকল্প খোঁজা জরুরি হয়ে পড়েছে। গম্ভীর এমন একজন ব্যাটার চান যিনি চার-পাঁচ ওভার কার্যকর বোলিংও করতে পারবেন। তিলক প্রথম একাদশে এলে ব্যাটিংয়ে বাঁহাতি-ডানহাতির ভারসাম্য আসার পাশাপাশি বোলিংয়ের গভীরতাও বাড়বে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার পেস ও বাউন্সের কথা মাথায় রেখে ফিল্ডিংয়ের ফিটনেসে কোনো আপস করা হবে না। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা কিংবা লোকেশ রাহুলদের বয়স ও চোটের কথা ভেবেই বিকল্প হিসেবে তরুণদের তৈরি রাখা হচ্ছে।
ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজগুলিতেই একাধিক পরীক্ষা-নিরীক্ষা সেরে নিতে চায় বোর্ড। তিলক ছাড়াও বিকল্প ওপেনার হিসেবে দেবদত্ত পাডিক্কল ও রুতুরাজ গায়কওয়াড়ের নাম আলোচনায় রয়েছে। তবে ইংল্যান্ড সফরে ভালো পারফর্ম করা ঈশান কিশনের পাশাপাশি ৫০ ওভারের ক্রিকেটের উপযুক্ত আরও একজন তরুণ উইকেটরক্ষকের সন্ধানে রয়েছেন গম্ভীর-আগরকরেরা।

