উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : আগেই আমেরিকার তরফে শুল্ক (Tariff) বাড়ানো নিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। তারপর বুধবার ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক বাড়ানো হল। মোট শুল্কের পরিমাণ হল ৫০ শতাংশ।
এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা।
তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন (Derek O’Brien) থেকে শুরু করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) বাক্যবাণে বিদ্ধ করেছেন মোদিকে। বিরোধীদের প্রশ্ন, ৫০ শতাংশ শুল্ক বসার পর ৫৬ ইঞ্চির ছাতির মালিক এবার কী বলবেন?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের (Donal Trump) কথায়, ভারত রাশিয়া থেকে এখনও তেল কিনছে। তার শাস্তি হিসাবে ভারতীয় পণ্যের ওপর করের পরিমাণ বাড়নো হয়েছে। ২১ দিন পর থেকে নতুন করের পরিমাণ চালু হবে। শুধু তাই নয়, আমার মনে হয় ভারতের ওপর আরও বেশি শুল্ক চাপানো দরকার’ যদিও ইতিমধ্যেই ট্রাম্পের এমন সিদ্ধান্তের পালটা জবাব দিয়েছে ভারত।
এবিষয়ে এক্স হ্যান্ডেলে রাহুল লেখেন, ‘৫০ শতাংশ শুল্ক চাপানোটা ট্রাম্পের আর্থিক ব্ল্যাকমেল। ভারতকে তাদের পছন্দমত বাণিজ্য চুক্তিতে বাধ্য করার একটি প্রচেষ্টা। প্রধানমন্ত্রী মোদী বারবার হুমকি দেওয়া সত্ত্বেও ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়াতে পারছেন না। তার কারণ হল আদানির বিরুদ্ধে মার্কিন তদন্ত। কিন্তু প্রধানমন্ত্রীর ব্যক্তিগত দুর্বলতার কারণে দেশবাসীর স্বার্থ যেন চাপা পড়ে না যায় সেটা প্রধানমন্ত্রীকেই নিশ্চিত করতে হবে।’
তৃণমূলের রাজ্য সভার সাংসদ ডেরেক ওব্রায়েন এক্স হ্যান্ডেলে লেখেন, ২৫+২৫=৫০। ট্রাম্প ৫০ শতাংশ শুল্ক চাপালেন। এবার ৫৬ ইঞ্চি কী বলবেন? এখন আমরা বুঝতে পারছি, মোদি ও তাঁর জোট সঙ্গীরা কেন সংসদ অচল করে রাখছে।
কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor) বলেন, ‘ট্রাম্পের শুল্কনীতি সম্পূর্ন দ্বিচারিতা। এই অভিজ্ঞতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই পরিস্থিতিতে আমাদের নতুন কিছু ভাবতে হবে।’
