Tamil Nadu | বিজয়ের জনসভায় পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ৩৮! শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

Tamil Nadu | বিজয়ের জনসভায় পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ৩৮! শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর কারুরে তামিলাগা ভেটরি কাঝাগাম (TVK)- দলের প্রধান তথা অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের একটি রাজনৈতিক সমাবেশে মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনায় এখনও পর্যন্ত ৪৬ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

পুলিশ সূত্রের খবর, এদিন বিশাল সংখ্যক জনতা ভিড় করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। সেখানেই কিছু লোক অজ্ঞান হয়ে পড়ায় হুড়োহুড়ি পড়ে যায়। এক পুলিশ আধিকারিকের মতে নামাক্কালের সমাবেশের পর কারুরে বিজয়ের বক্তৃতার জন্য কমপক্ষে ৩০,০০০ লোক জড়ো হয়েছিল। তবে তাঁর আসতে ছয় ঘণ্টারও বেশি দেরি হয়।

এই মর্মান্তিক ঘটনায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন ‘এক্স’ (পূর্বের টুইটার)-এ শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “কারুর থেকে আসা খবরগুলি দুঃখজনক। আমি আহত ব্যক্তিদের জন্য জরুরি চিকিৎসার নির্দেশ দিয়েছি এবং স্বাস্থ্যমন্ত্রী, জেলা কালেক্টর ও প্রাক্তন মন্ত্রী সেন্থিল বালাজিকে সাহায্যের জন্য নির্দেশ দিয়েছি। মন্ত্রী আনবিল মহেশকে যুদ্ধকালীন তৎপরতায় সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে। আমি জনসাধারণের কাছে পুলিশের সঙ্গে সহযোগিতা করার আবেদন জানাচ্ছি।”

এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “যারা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করছি।”

উল্লেখ্য, বিজয়ের সমাবেশ বিতর্কের মুখে পড়া এই প্রথম নয়। এই মাসের শুরুতে ত্রিচিতে তাঁর প্রথম সমাবেশে বিমানবন্দর থেকে সভাস্থল পর্যন্ত তাঁর কনভয়কে অনুসরণ করে আসা বিশাল জনতা ২০ মিনিটের যাত্রাকে ছয় ঘণ্টার ট্র্যাফিক জ্যামে পরিণত করে গোটা শহরকে স্তব্ধ করে দেয়। নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ টিভিকে-র সমাবেশগুলির জন্য ২৩টি শর্ত আরোপ করেছিল, যার মধ্যে কনভয়ে যোগ দেওয়া, প্রকাশ্য সংবর্ধনা এবং গর্ভবতী মহিলা, বয়স্ক ও বিশেষভাবে সক্ষমদের অনলাইনে অনুষ্ঠান দেখার পরামর্শ ছিল। যদিও বিজয়ের বারবার আবেদন সত্ত্বেও, তাঁর সমর্থকরা সেই শর্তগুলির বেশিরভাগই প্রকাশ্যে লঙ্ঘন করেন এবং অনেকে শিশু ও নবজাতকদেরও সঙ্গে নিয়ে আসেন।

এই ট্র্যাজেডি টিভিকে-র দায়বদ্ধতা এবং পুলিশের প্রস্তুতির উপর প্রশ্ন তুলেছে। বিজয়ের আগমনে এই দীর্ঘ বিলম্ব কি ভিড় বাড়াতে সাহায্য করেছিল? তাঁর ব্যাপক জনসমর্থন দেখানোর জন্য এটি কি ইচ্ছাকৃত ছিল? আগের সমাবেশগুলির সতর্কতা সত্ত্বেও এমন বিপর্যয় এড়াতে কি পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল? প্রশ্নগুলি কিন্তু উঠছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *