উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ টানা দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026) জেতার বিরল নজির গড়ার লক্ষ্যে আজ মাঠে নামছে ভারত (India vs USA)। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আয়োজক দেশ আমেরিকা। হর্ষিত রানার চোটের কারণে ভারতীয় শিবিরে কিছুটা দুশ্চিন্তা থাকলেও, অধিনায়ক সূর্যকুমার যাদবের আত্মবিশ্বাসী কণ্ঠে পরিষ্কার—ভারত তৈরি। ভিডিও অ্যানালাইসিস এবং নিখুঁত পরিকল্পনা মেনেই প্রথম ম্যাচের নীল-নকশা সাজিয়েছে টিম ইন্ডিয়া।
ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে সূর্যকুমার বড় ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ভারতের হয়ে ইনিংস শুরু করবেন দুই তরুণ তুর্কি ঈশান কিশন এবং অভিষেক শর্মা। বিরাটের অনুপস্থিতিতে এই বিধ্বংসী বাঁহাতি জুটি শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হতে চায়।
তিন নম্বরে ফিরছেন চোট সারিয়ে ফেরা তিলক বর্মা, যিনি প্রস্তুতি ম্যাচে দারুণ ফর্মে ছিলেন। চারে অধিনায়ক সূর্যকুমার নিজে। মিডল অর্ডারের হাল ধরবেন অভিজ্ঞ হার্দিক পান্ডিয়া এবং সহ-অধিনায়ক অক্ষর প্যাটেল। ফিনিশারের গুরুদায়িত্ব থাকছে পাওয়ার হিটার শিবম দুবে এবং রিঙ্কু সিংয়ের ওপর। ভারতের ব্যাটিং গভীরতা আট নম্বর পর্যন্ত বিস্তৃত হওয়ায় বোলাররা বাড়তি সুবিধা পাবেন।
পেস আক্রমণে নেতৃত্ব দেবেন বিশ্বের সেরা বোলার জসপ্রীত বুমরাহ। তাঁর সঙ্গী হিসেবে থাকছেন অর্শদীপ সিং। স্পিন বিভাগে অক্ষর প্যাটেলের সঙ্গে বড় অস্ত্র হতে চলেছেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। এছাড়া বোলিংয়ে বৈচিত্র্য আনতে অধিনায়ক সূর্য প্রয়োজনে অভিষেক শর্মা বা তিলক বর্মার পার্ট-টাইম স্পিনকেও ব্যবহার করতে পারেন।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: অভিষেক শর্মা, ঈশান কিশন (উইকেটরক্ষক), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রিঙ্কু সিং, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং এবং বরুণ চক্রবর্তী।
