অমিতকুমার রায়,হলদিবাড়ি: আসন্ন বিধানসভা ভোটে রাজ্যের ১ নম্বর কেন্দ্র মেখলিগঞ্জ দিয়েই জয়ের সূচনা করতে চাইছে বিজেপি। সোমবার হলদিবাড়িতে বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’র সভায় উপস্থিত হয়ে একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু ঘোষণা করেন, বিজেপি ক্ষমতায় এলে চ্যাংড়াবান্ধাকে পুরসভা করা হবে এবং দীর্ঘ প্রতীক্ষিত ইন্টিগ্রেটেড চেকপোস্ট (ICP) দ্রুত চালু করা হবে। এছাড়া উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া, সারের কালোবাজারি বন্ধ এবং সরাসরি কৃষকদের থেকে আলু ও ধান কেনার আশ্বাস দেন তিনি। তৃণমূলের জমানায় বেকারত্ব ও ঋণের বোঝা বেড়েছে বলে কটাক্ষ করেন শুভেন্দু।
পাশাপাশি, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় জানান, আগামী বুধবার থেকে হলদিবাড়ি থেকে বালুরঘাট ও বামনহাট এক্সপ্রেসের পরিষেবা শুরু হচ্ছে। বাংলাদেশে নতুন সরকার গঠিত হওয়ায় দ্রুত মিতালী এক্সপ্রেসও চালু হবে বলে তিনি আশাপ্রকাশ করেন। এদিনের সভায় কোচবিহারের জেলা সভাপতি শ্যামল রায় ও সাংসদ মনোজ টিগ্গা সহ স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন।
