Suvendu Adhikari | “বিজেপির পরিচিত কোনও মুখ দেখিনি”, মমতার গাড়িতে হামলা প্রসঙ্গে শুভেন্দুর বার্তা

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বীজপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় বিজেপির (BJP) কোনও যোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার উত্তর ২৪ পরগনার হালিশহরে পুলিশি হেপাজতে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তীব্র জনরোষ ও বিক্ষোভের মুখে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়িতে জুতো ও কাদা ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনার পরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র তরজা।

আরজি কর কাণ্ডে ধর্ষিতা এবং নিহত চিকিৎসকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর স্মরণসভা থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন, বীজপুরের ওই বিক্ষোভে বিজেপির কোনও পরিচিত মুখ বা দলীয় পতাকা দেখা যায়নি। তাঁর মতে, এটি সম্পূর্ণভাবে স্বতঃস্ফূর্ত জনরোষের ফল। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী কটাক্ষের সুরে বলেন, ‘এত চুরি করেছেন, চোর তো শুনতে হবে। হেলিকপ্টারে উঠলে কানে লাগিয়ে দেয় না(হেডসেট) ওগুলো লাগিয়ে নিন। এত বিপুল জনরোষ।“

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার বিষয়ে বর্তমান মুখ্যমন্ত্রী জানান, তাঁর সরকার জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা বা সম্মান প্রত্যাহার করেনি। প্রবীণ নেত্রী ও ১৫ বছরের প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে পুলিশ সম্পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে তাঁকে নিরাপত্তা প্রদান করেছে। তবে পুলিশকে না জানিয়ে আকস্মিক এই ধরনের সফরের তীব্র নিন্দা করেছেন শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি তিনি এও দাবি করেছেন যে, মৃতের পরিবারের অনিচ্ছা সত্ত্বেও জোর করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘‘আমি বিজেপির পরিচিত কোনও মুখ দেখিনি। বিজেপির ঝান্ডাও দেখিনি। বাড়ির লোক বলছেন, আমরা ডাকিনি। উনি যুক্ত হোন, আমরা চাই না।’ এরপর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, ‘‘কেউ আপনার সাহায্য চাইলে, হস্তক্ষেপ চাইলে অবশ্যই করুন। কিন্তু অহেতুক উন্নয়নের সময় এমন করবেন না।’’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *