নাগরাকাটা: খগেন মুর্মু ও শংকর ঘোষের উপর হামলার প্রতিবাদে নাগরাকাটায় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা করল বিজেপি। নাগরাকাটা থানার সামনে প্রতিবাদ সভা থেকে শুভেন্দু জানান, খগেন-শংকরদের ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িত ৮ জনের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে, তাঁদের একজনকেও এখনও গ্রেপ্তার করা হয় নি। যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে তা লোক দেখানো। পুলিশ ও তৃণমূলের অ্যাডজাস্টমেন্ট হ্যান্ডওভার। ৮ জনকেই গ্রেপ্তার করা না হলে এরপর বামনডাঙ্গা অভিযান হবে সেকথাও জানিয়ে দেন তিনি। হামলার ঘটনায় পুলিশ বুধবার রাতেও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাঁর নাম মান্নান সরকার। বাড়ি সুলকাপাড়ার খয়েরবাড়িতে। ফলে সব মিলিয়ে এপর্যন্ত গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৬। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ, এসসি-এসটি অ্যাট্রোসিটি অ্যাক্ট এর মত ভারতীয় ন্যয় সংহিতার আরো একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।
উত্তরবঙ্গের বন্যা পীড়িতদের বিজেপি কিভাবে ত্রাণ দিচ্ছে তার হিসেবও এদিন তিনি নাগরাকাটা থেকে দিয়েছেন। জানিয়েছেন, বন্যায় মৃতদের পরিবারকে দলের এমপি-এমএলএদের পক্ষ থেকে ২ লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। বামনডাঙ্গার মৃত ৮ জনকে এদিন তা দেওয়া হয়েছে। প্রধামন্ত্রী আড়াই লক্ষ টাকা করে দিয়েছেন। ইতিমধ্যেই প্লাবন বিধ্বস্ত এলাকায় দলের পক্ষ থেকে ৩৫ হাজার মানুষকে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। আরো ১৫ হাজার মানুষকে ত্রাণ দেওয়া হবে।
