উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চার বন্ধুর গল্প নিয়ে আসতে চলেছে নতুন বাংলা ছবি ‘টেক কেয়ার ভালোবাসা’ (Take Care Bhalobasa)। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌম্যজিৎ আদক। আর এই ছবির মাধ্যমেই বড়পর্দায় (Movie debut) পা রাখতে চলেছেন অভিনেতা সুশোভন সোনু রায় (Susovan Roy)। দীর্ঘদিন ধরে নানা ধারাবাহিকে কাজ করেছেন সুশোভন। এবার ‘টেক কেয়ার ভালোবাসা’ ছবিটিতে জয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।
হাওড়ায় জন্ম হলেও সুশোভনের শৈশব কেটেছে কলকাতা ও গুয়াহাটিতে। অল্পবয়সেই বাবাকে হারান তিনি। কলেজে পড়া চালিয়ে যাওয়ার পাশাপাশি ওয়েস্টার্ন নৃত্যের প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নিতেন সুশোভন। এরপর পরিচালক পীযূষ সাহার তত্ত্বাবধানে তিনি একটি ওয়ার্কশপে যোগ দেন। সেই থেকেই অভিনয়জগতে তাঁর পথচলা শুরু। সেখানে প্রায় দেড় বছর প্রশিক্ষণ নেওয়ার পর অডিশন দিতে শুরু করেন তিনি। এরপর ২০১৯ সালে ‘আনন্দময়ী মা’ ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক হয় তাঁর। পরবর্তীতে ‘মোহর’, ‘কোড়াপাখি’, ‘যমুনা ঢাকি’, ‘তিতলি’ ও ‘খেলাঘর’ ধারাবাহিকেও অভিনয় করেছেন সুশোভন। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের হয়ে মডেলিংও করেছেন তিনি। ২০২৪ সালে একটি ওয়ার্কশপে পরিচালক সৌম্যজিৎ আদকের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই সূত্রেই তিনি ‘টেক কেয়ার ভালোবাসা’ ছবিতে অভিনয়ের সুযোগ পান। জুলাই মাসেই ছবির শুটিং শুরু হয়েছে। সুশোভন ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন শোলাঙ্কি রায়, সৌম্য মুখার্জী, রাহুল মজুমদার এবং শ্রীমা ভট্টাচার্য।
