উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব সাম্প্রতিক এশিয়া কাপ ট্রফি বিতর্ক নিয়ে এক কৌতুকপূর্ণ মন্তব্য করেছেন। এদিন পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় সূর্যকুমারের নেতৃত্বাধীন দল ২-১ ব্যবধানে সিরিজটি জিতে নেয়। এই জয়ের পরই সূর্য ট্রফি হাতে নিয়ে বলেন, “অবশেষে ট্রফিটা ছুঁয়ে দেখতে পেরে খুব ভালো লাগছে।” অনেকেই মনে করছেন, এই মন্তব্য সরাসরি এশিয়া কাপ ফাইনালের দিকে ইঙ্গিত করেই করা হয়েছে, যেখানে চ্যাম্পিয়ন হয়েও ট্রফি হাতে পায়নি ভারত।
ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে সূর্যকুমার বলেন, “ট্রফি হাতে নিয়ে দারুণ অনুভব হচ্ছে। সিরিজ জয়ের পর যখন ট্রফিটি হাতে পেলাম, তখন এক অন্যরকম অনুভূতি হল। কিছুদিন আগে আমাদের মহিলা দলও বিশ্বকাপ জিতেছে, সেই ট্রফিও দেশে এসেছে। সব মিলিয়ে এই ট্রফিটা ছুঁয়ে দেখতে পেরে খুব ভালো লাগছে।” উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জিতেছিল ভারত।
এদিকে, দীর্ঘদিনের এই ট্রফি বিতর্কের নিরসনে অবশেষে ইতিবাচক পদক্ষেপ দেখা গেল । কারণ এদিন দুবাইয়ে আইসিসির বোর্ড সভার ফাঁকে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এবং পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির মধ্যে আলোচনা হয়েছে।
এই আলোচনার পর এক সাক্ষাৎকারে সাইকিয়া জানিয়েছেন যে, দুই বোর্ডের মধ্যে “বরফ গলেছে” এবং আগামী দিনে একটি গ্রহণযোগ্য সমাধান বের করার চেষ্টা করা হবে। উল্লেখ্য, ভারত যেহেতু নকভির ‘ভারত-বিরোধী’ অবস্থানের কারণে তাঁর হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেছিল, তাই এশিয়া কাপের ট্রফি হস্তান্তর প্রক্রিয়া আটকে ছিল।
বিসিসিআই সচিব এও নিশ্চিত করেছেন যে, আইসিসির দুই সিনিয়র কর্মকর্তার মধ্যস্থতায় অনানুষ্ঠানিকভাবে বৈঠকটি সম্পন্ন হয়। সাইকিয়া বলেন, “আলোচনার প্রক্রিয়া শুরু হওয়াটা খুবই ভালো দিক। দুই পক্ষই আন্তরিকভাবে বৈঠকে অংশ নিয়েছে। আগামীতে যদি সবকিছু ইতিবাচক দিকে গড়ায়, তবে দ্রুত এই সমস্যার সমাধান হবে।”
