উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের দিকে জুতো ছুড়ে মারার চেষ্টায় অভিযুক্ত আইনজীবী রাকেশ কিশোর আরও বিপাকে। সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) তাঁকে বহিষ্কার করেছে। ওই আইনজীবী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। তাঁর প্রবেশপত্র বাতিল করা হয়েছে।
সোমবার প্রধান বিচারপতিকে জুতো ছুড়ে মারার চেষ্টা করেন আইনজীবী রাকেশ কিশোর। ৭১ বছরের ওই প্রবীণ আইনজীবীকে পুলিশ সঙ্গে সঙ্গে আটক করে। তাঁকে আদালত কক্ষ থেকে বের করে দেওয়া হয়। কিশোরকে করে বলতে শোনা যায়, ‘ভারত সনাতন ধর্মের অপমান সহ্য করবে না।’
সেই ঘটনার পর বার অ্যাসোসিয়েশনের তরফে নোটিশ দারি করে বলা হয়েছে, ‘এই ধরনের নিন্দনীয়, উচ্ছৃঙ্খল এবং অসংযমী আচরণ আদালতের একজন আইনজাবীর জন্য অশোভন। এটি পেশাগত নীতি এবং সুপ্রিম কোর্টের মর্যাদার গুরুতর লঙ্ঘন।’ এসসিবিএ আরও বলেছে, কিশোরের উপর আক্রমণের চেষ্টা ‘বিচার ব্যবস্থার স্বাধীনতা, আদালতের কার্যক্রমের পবিত্রতার উপর সরাসরি আক্রমণের সমান।’ বার কাউন্সিল অফ ইন্ডিয়া তাঁর লাইসেন্স সাসপেন্ড করেছে। এদিকে, অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে এবার পদক্ষেপ করল বেঙ্গালুরু পুলিশ। রাকেশের বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে।
