Sunil Gavaskar | বাড়তি বোলার খেলাও, সূর্যদের পরামর্শ গাভাসকারের  

Sunil Gavaskar | বাড়তি বোলার খেলাও, সূর্যদের পরামর্শ গাভাসকারের  

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


মুম্বই: ১০ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে এশিয়া কাপের অভিযান শুরু করবে ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ইতিমধ্যেই দল দুবাইয়ে পা রেখেছে। চলছে শেষ তুলির টান দেওয়ার কাজ। টুর্নামেন্ট শুরুর আগে গৌতম গম্ভীর-সূর্যকুমার যাদবদের উদ্দেশে টিম কম্বিনেশন নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ ভাসিয়ে দিলেন সুনীল গাভাসকার।

কুলদীপ যাদব নাকি বরুণ চক্রবর্তী? উইনিং কম্বিনেশন কীরকম হওয়া উচিত? প্রশ্নগুলির উত্তর নিজেই সাজিয়ে দিলেন গম্ভীরদের জন্য। গাভাসকার বলেছেন, ‘বাঁহাতি ব্যাটার, যে চারটে ওভার করে দিতে পারবে, এই ভাবনায় অক্ষর প্যাটেল সম্ভবত খেলবে। ফলে রিঙ্কু সিং, শিবম দুবেদের সুযোগের অপেক্ষা কিছুটা লম্বা হবে। আমার ধারণা ব্যাটিং গভীরতা গুরুত্ব পেলেও বোলিং নিয়ে সমঝোতা হবে না। কুলদীপ আটে। ৯, ১০, ১১ পজিশনে তিন পেসার।’

গাভাসকারের যুক্তি, তিন বিশেষজ্ঞ পেসারের সঙ্গে পেস-অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া থাকবেন। ফলে হাতে চারজন পেস বিকল্প। একইভাবে স্পিনার অলরাউন্ডার অক্ষর প্যাটেল থাকার ফলে কুলদীপের সঙ্গে বাড়তি স্পিন অস্ত্রের সুবিধা পাবেন সূর্যরা। ফলে একজন মার খেলে ব্যাক-আপ বোলাররা পরিস্থিতি সামলে দিতে পারবেন।

জসপ্রীত বুমরাহর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কোনও সমস্যা হবে না বলে মনে করেন গাভাসকার। বলেছেন, ‘এশিয়া কাপের ম্যাচে সর্বাধিক ৪ ওভার করতে পারবে। তাও টানা চার ওভার করার দরকার পড়বে না। ফলে গোটা টুর্নামেন্টে বুমরাহর খেলতে অসুবিধা হওয়ার কথা নয়। বলতে চাইছি, ওয়ার্কলোড পথের কাঁটা হবে না। ম্যাচে ৪ ওভার বোলিং সামলে নেবে।’

বুমরাহর সঙ্গী কারা হবেন, তাও বেছে দিচ্ছেন গাভাসকার। টি২০ ফর্ম্যাটে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেটশিকারি অর্শদীপ সিং অটোমেটিক চয়েস। মহম্মদ সিরাজ, মহম্মদ সামি, প্রসিধ কৃষ্ণারা নেই। ফলে তৃতীয় পেসার হিসেবে হর্ষিত রানাকে অগ্রাধিকার দিচ্ছেন কিংবদন্তি।

ব্যাটিং বিভাগে সতর্ক করছেন সঞ্জু স্যামসনকে নিয়ে। যুক্তি, টিম ম্যানেজমেন্ট যদি সঞ্জুকে দলের ‘কোর গ্রুপ’-এর একজন মনে করে, তাহলে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখা কঠিন। অভিষেক শর্মা-শুভমান গিলের ওপেনিং জুটির পর তিন নম্বর স্থান তুলে রাখছেন সঞ্জুর জন্য। ফিনিশার হিসেবে জিতেশ শর্মাকে প্রথম একাদশে অনেকে গুরুত্ব দিলেও, সানির মতে সঞ্জুর মতো খেলোয়াড়কে দলে নিয়ে বসিয়ে রাখলে ভুল হবে। ৫-৬ নম্বরে নেমে ফিনিশারের দায়িত্ব সেক্ষেত্রে সামলাবেন তিলক ভার্মা। ভরসা জোগাতে মিডল অর্ডারে থাকছেন ব্যাটার হার্দিকও। এখন দেখার গাভাসকারের সঙ্গে কতটা মেলে গম্ভীরদের ভাবনা। কিংবা গম্ভীররা কতটা গুরুত্ব দেন প্রাক্তনের পরামর্শকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *