উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রকাশিত হল এসএসসির (SSC) নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলাফল। westbengalssc.com ওয়েবসাইটে গিয়েই এই ফলাফল দেখে নিতে পারবেন পরীক্ষার্থীরা।চাকরিপ্রার্থীরা নিজেদের রোল নম্বর ও অন্যান্য তথ্য দিয়ে সাইটে লগইন করেই নম্বর দেখতে পারবেন। ফল প্রকাশের পরই এক্স হ্যান্ডলে পোস্ট করে এসএসসিকে ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে কবে ইন্টারভিউ ও ভেরিফিকেশনের জন্য সফল পরীক্ষার্থীদের ডাকা হবে তা এখনও ঘোষণা করা হয়নি।
তিনি লেখেন, ‘ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আজ নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা যা গত ৭ই সেপ্টেম্বর নেওয়া হয়েছিল তার ফল প্রকাশ করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকনির্দেশনায় এবং রাজ্য ও জেলা প্রশাসনের সহযোগিতায় সময়মতো ফল প্রকাশ করায় কমিশনকে সাধুবাদ। চাকরিহারা প্রার্থীদের কাছে আবেদন—সবকিছুই স্বচ্ছতা ও নিয়ম মেনে হবে, ভরসা রাখুন। ভালো থাকুন।’
কিছুদিন আগেই এসএসসির একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশিত হয়। সেখানে দেখা যায় বহু পরীক্ষার্থী ১০০ শতাংশ নম্বর পেয়েও ইন্টারভিউতে ডাক পাননি। যা নিয়ে ইতিমধ্যেই এসএসসির বিরুদ্ধে ক্ষোভের আগুন রাজপথে আছড়ে পড়েছে। আদালতে মামলাও হয়েছে। প্রশ্ন উঠেছে চাকরির অভিজ্ঞতার জন্য ১০ নম্বর গ্রেস দেওয়া নিয়ে। পাশাপাশি অনেক ‘দাগি’ শিক্ষকও পরীক্ষায় বসে ইন্টারভিউতে ডাক পেয়েছেন বলে অভিযোগ সামনে এসেছে। এবার নবম-দশমের নিয়োগ প্রক্রিয়া ত্রুটিমুক্ত হয় কিনা সেটাই এখন দেখার।
