উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুরের জাদুতে তিনি মুগ্ধ করেন কোটি কোটি মানুষকে। কিন্তু এবার কেবল গান নয়, নিজের মানবিকতায় ভক্তদের মন জয় করে নিলেন সংগীতশিল্পী সোনু নিগম (Sonu Nigam)। কর্ণাটকের হুব্বলিতে আয়োজিত তাঁর ‘দিওয়ানা তেরা’ কনসার্টে (Live performance) প্রায় ৩০ হাজার মানুষের ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছিল শ্রী সাই নামের এক খুদে (Misplaced little one)। পরিস্থিতি বুঝতে পেরে মাঝপথেই অনুষ্ঠান থামিয়ে দেন সোনু।
আতঙ্কিত শিশুটিকে মঞ্চে নিয়ে আসা হলে সোনু নিগম তাকে নিজের পাশে বসিয়ে অভয় দেন। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের একটি ভিডিও শেয়ার করে গায়ক রসিকতা করে লিখেছেন, ‘৩০ হাজার মানুষের ভিড়ে হারিয়ে গিয়ে শ্রী সাই ঘাবড়ে গিয়েছিল। কিন্তু আমার কাছে আসার পর সম্ভবত সেই ভয় কেটে গিয়েছিল ওর।’
তবে শুধু পাশে বসিয়ে রাখাই নয়, শিশুটির পরিবারকে খুঁজে বের করতে সোনু এক অভিনব পন্থা অবলম্বন করেন। মাইক হাতে সুর করে গেয়ে ওঠেন, ‘শ্রী সাই আ যাও, মাম্মি পাপা ইসকো লে যাও, জলদি আকে ইসকো লে যাও।’ বাংলায় এর মানে, ‘শ্রী সাই এদিকে এসো, মা-বাবা এসে ওকে নিয়ে যান। ওর মা-বাবা হারিয়ে গিয়েছেন, তাড়াতাড়ি এসে ওকে নিয়ে যান।’ গায়কের এই তাৎক্ষণিক গান ও মানবিক উদ্যোগ দেখে মুগ্ধ হয় শ্রোতারা। করতালিতে ফেটে পড়ে গোটা চত্বর।
কথোপকথনের মাধ্যমে সোনু জানতে পারেন শিশুটি তার কাকার সঙ্গে এসেছিল। এরপর মজা করে কাকার উদ্দেশে ডাক দেন শিল্পী। মাত্র কয়েক মিনিটের মধ্যে প্রোডাকশন টিম শিশুটির কাকাকে খুঁজে বের করতে সক্ষম হয়। তবে পরিবারের হাতে তুলে দেওয়ার আগে সোনু নিগম নিজে পরিচয় যাচাই করে নিশ্চিত হন। ২০২৬-এর শুরু পর্যন্ত সোনুর এই কনসার্ট ট্যুর চলবে ভারতজুড়ে। আপাতত গানের সুরের চেয়েও শিল্পী সোনুর এই সংবেদনশীলতা সামাজিক মাধ্যমে ভাইরাল।
