কাটোয়া: চূড়ান্ত ভোটার তালিকা (Voter Checklist) প্রকাশিত হতেই পূর্ব বর্ধমানের কাটোয়া ১ নম্বর ব্লকে শোরগোল পড়ে গিয়েছে। লজিক্যাল ডিসক্রেপেন্সি বা তথ্যের গরমিলের জেরে খোদ বিএলও-রাই (BLO) তালিকায় ‘বিচারাধীন ভোটার’ (Underneath Adjudication) হিসেবে চিহ্নিত হয়েছেন। শনিবার কাটোয়া ১ নম্বর ব্লকের বিডিও অফিসে তালিকা দেখতে এসে এই বিস্ময়কর তথ্য সামনে আসতেই সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
কাটোয়া বিধানসভার ১২ নম্বর বুথের বিএলও তথা প্রাথমিক শিক্ষিকা আয়েশা খাতুন জানান, তিনি ৩৫০ জনের শুনানি করেছিলেন, যার মধ্যে ২৯৪ জনই এখন ‘বিচারাধীন’। এমনকি তাঁর নিজের নামের পাশেও একই তকমা জুটেছে। একইভাবে ১০ নম্বর বুথের বিএলও আতিয়ার রহমানও দেখেন, তাঁর নিজের নামসহ বুথের ২৬৮ জনের বেশি ভোটারের নাম ‘বিচারাধীন’ তালিকায় রয়েছে। আতিয়ার রহমানের দাবি, এই তালিকায় থাকা ব্যক্তিদের অধিকাংশই সংখ্যালঘু সম্প্রদায়ের।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক যাচাইয়ের ভিত্তিতেই এই চিহ্নিতকরণ করা হয়েছে এবং এটি সংশোধনযোগ্য। তবে নির্বাচন কমিশনের এই ভূমিকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তথ্য যাচাইয়ের ক্ষেত্রে আরও স্বচ্ছতা ও সতর্কতার প্রয়োজন ছিল বলে মনে করছেন অনেকেই। বর্তমানে ‘বিচারাধীন’ তালিকায় থাকা ভোটাররা ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। কমিশনের পক্ষ থেকে অবশ্য প্রয়োজনীয় নথি জমা দিয়ে পুনরায় আবেদনের সুযোগ দেওয়া হয়েছে।
