সুদীপ রায়চৌধুরী: দফায় দফায় উত্তেজনা কলকাতায় রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-র দপ্তরে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র সদস্যদের। পালটা স্লোগান দেন বিজেপি নেতাকর্মীরা। যা নিয়ে দুপক্ষের মধ্যে একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের বিশাল বাহিনী। কোনও রকমে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। ঘটনায় সিইও দপ্তরে গিয়ে ক্ষোভ উগরে দেন বিরোধী দলনেতা। কমিশনের দপ্তর সরানোর দাবি জানান। একইসঙ্গে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দাবিও জানান শুভেন্দু অধিকারী।
এসআইআর ইস্যুতে রাজ্যে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। গত কয়েকদিন ধরে কলকাতায় সিইও দপ্তরের সামনে লাগাতার অবস্থান চালাচ্ছেন বিএলও অধিকার রক্ষা কমিটি। এদিন সকাল থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল সিইও দপ্তর। একাধিক এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়। নির্দিষ্ট সময়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা পৌঁছানো মাত্র পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ‘গো ব্যাক’ স্লোগান তুলতে থাকেন বিক্ষোভকারীরা। শুধু তাই নয়, ব্যারিকেড ভাঙার চেষ্টাও করেন বিক্ষোভকারীরা। যা নিয়ে একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।
