বেলাকোবা: নির্বাচন কমিশনের (ECI) নির্দেশকে বুড়ো আঙুল! রাজগঞ্জে ৮৩ বছরের এক বৃদ্ধাকে টেনে আনা হল এসআইআর-এর (SIR) শুনানিতে।
দীর্ঘ ১০ বছর ধরে বয়সজনিত কারণে শয্যাশায়ী রাজগঞ্জের সুভাষপল্লীর বাসিন্দা শান্তি বোস ( ৮৩)। যিনি নিজে দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না। তাকেই আজ টোটো করে বিডিও অফিসে (BDO Workplace) নিয়ে আসেন তার ছেলে নির্মল বোস এবং কেয়ারটেকার জয়া দাস। এরপর হুইলচেয়ারে বসিয়ে এসআইআর হেয়ারিংয়ের লাইনে দাঁড়ান প্রায় চার ঘন্টা। লাইনে দাঁড়িয়েই ছেলে বলেন, ‘হিয়ারিং এর কাগজ হাতে পেয়ে একটু অবাক হই। অগত্যা দশ বছর ধরে বিছানায় শয্যাশায়ী মাকে নিয়ে আসতে বাধ্য হলাম। অথচ আমরা ৮৮ সাল থেকে ভোট দিচ্ছি। সরকারি সব কাগজপত্র রয়েছে।’ পাশাপাশি কেয়ারটেকার জয়া দাস বলেন, ওনাকে আমিই দেখভাল করি। আজ এখানে আনতে গিয়ে খুব সমস্যায় পড়তে হয়েছে। উনি টোটোতে উঠতে পারেনা। অনেক কষ্টে আজ এখানে নিয়ে আসা হয়েছে।’
এদিন এই খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে প্রশাসন। ঘটনা প্রসঙ্গে ১৮/১৩৫ নম্বর সুভাষপল্লী বাবু পাড়া বুথের বিএলও (BLO) অমর কৃষ্ণ ভৌমিককে ফোন করা হলে তিনি বলেন, ‘একটা ভুল কমিনিকেশন হয়েছিল। এর জন্য ভুল করে ডাকা হয়েছিল। যখন জানা গেছে তখন ভুল সংশোধন করে তাকে বাড়ি পাঠানো হয়েছে। তার বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করা হবে।’
