উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : শিলিগুড়ি পুরনিগমে ওয়ার্ড সংখ্যা বেড়েছে? একটি প্রশাসনিক বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পর এমনই চর্চা শুরু হয়েছে শহরজুড়ে। মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই বিজ্ঞপ্তি মোতাবেক, শিলিগুড়ির ওয়ার্ড সংখ্যা ৪৭ থেকে বাড়িয়ে ৬৩ করা হয়েছে। অন্যদিকে, দুর্গাপুরেও ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৩টি। বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সহ-সভাপতি দীপঙ্কর মানিক আরোরা নিজের সোশ্যাল মিডিয়ায় ওই বিজ্ঞপ্তি আপলোড করেছেন। সেই সঙ্গে তিনি লিখেছেন, ‘শিলিগুড়ি পুরনিগমের ওয়ার্ড সংখ্যা ৪৭ থেকে বাড়িয়ে ৬৩ করা হয়েছে। এখন আমরা দেখছি, তহবিলের সুষ্ঠু বণ্টন এবং আরও উন্নয়ন।’ যদিও এবিষয়ে প্রশাসনের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে শহরের রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

নগরোন্নয়ন ও পুর বিষয়ক দপ্তর থেকে ৩১ অগাস্ট প্রকাশিত ওই নোটিফিকেশন অনুযায়ী, পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট, ২০০৬-এর ধারা-৭ প্রয়োগ করে রাজ্যপালের নির্দেশে ওয়ার্ড পুনর্গঠন বা সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। প্রতিটি ওয়ার্ডের জনসংখ্যা, জনসংখ্যার ঘনত্ব, ভৌগোলিক অবস্থা, ঐতিহাসিক গুরুত্ব এবং অর্থনৈতিক বিবেচনাকে মাথায় রেখেই এই পরিবর্তন আনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নোটিফিকেশনের অনুলিপি রাজ্য নির্বাচন কমিশন, জেলাশাসক এবং দুই পুরনিগমের কমিশনার সহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। প্রশাসনিকভাবে এর সত্যতা ও পরবর্তী পদক্ষেপ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া না মিললেও, ওয়ার্ড বৃদ্ধির খবরে চর্চা শুরু হয়েছে।

