শিলিগুড়ি: শিলিগুড়িতে শক্তি বাড়াল আইএনটিইউসি (Siliguri INTUC)। শুক্রবার তৃণমূল প্রভাবিত বিভিন্ন শ্রমিক সংগঠন থেকে একঝাঁক নেতা-কর্মী যোগ দিলেন আইএনটিইউসিতে। এদিন শিলিগুড়ির শেঠ শ্রীলাল মার্কেটে আয়োজিত এক অনুষ্ঠানে বিএসএনএল কর্মী সংগঠন, ই-রিকশা (টোটো) ইউনিয়ন, চা শ্রমিক, এবং গ্যারেজ কর্মী ইউনিয়নের সদস্যরা আইএনটিইউসির পতাকা হাতে তুলে নেন। এদিন আইএনটিইউসির শিলিগুড়ি টাউন শাখার সভাপতি হিসেবে রাকেশ পালকে নিয়োগ করা হয়।
আইএনটিইউসির দার্জিলিং জেলা সভাপতি কৌশিক চক্রবর্তী জানিয়েছেন, শ্রমিকদের ঐক্যই আইএনটিইউসির সবচেয়ে বড় শক্তি। বিভিন্ন ক্ষেত্রের শ্রমিকদের এই বিপুল যোগদান সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং আগামী দিনে শ্রমিকদের অধিকার আদায়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সদ্য আইএনটিইউসির শিলিগুড়ি শাখার দায়িত্ব পেয়ে রাকেশ পাল জানান, টোটো চালকদের রুট, স্ট্যান্ড, পারমিট ও জীবিকার নিরাপত্তাসহ দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে আইএনটিইউসি আন্দোলন চালিয়ে যাবে। এদিনের সভায় নানা সংগঠনের প্রায় ৮০ জন পদাধিকারী যোগদান করেন। সব মিলিয়ে প্রায় ২০০০ শ্রমিক তাঁদের সংগঠনের পতাকাতলে এসেছেন বলে আইএনটিইউসির জেলা নেতৃত্ব দাবি করেন।
