শিলিগুড়ি: সোশ্যাল মিডিয়ায় আলাপ, তারপর প্রেম। আর সেই প্রেমের টানেই উত্তরপ্রদেশ থেকে শিলিগুড়িতে এসে এক নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। তবে শেষরক্ষা হল না। নিখোঁজ হওয়ার প্রায় তিন মাস পর উত্তরপ্রদেশের কানপুর থেকে ওই নাবালিকাকে উদ্ধার করল মাটিগাড়া থানার পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবককেও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২০ নভেম্বর মাটিগাড়া থানা এলাকার এক বাসিন্দা থানায় তাঁর ১৪ বছর বয়সী মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বেরিয়ে যায় ওই নাবালিকা। অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নামে মাটিগাড়া থানার একটি বিশেষ টিম।
তদন্তে নেমে পুলিশ ওই নাবালিকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং মোবাইল ফোনের কল ডিটেইলস খতিয়ে দেখা শুরু করে। সেখান থেকেই প্রথম উত্তরপ্রদেশের ওই যুবকের সন্ধান মেলে। প্রযুক্তির সাহায্য নিয়ে পুলিশ জানতে পারে, নিখোঁজ নাবালিকা ও ওই যুবকের মোবাইল লোকেশন একই জায়গায়— অর্থাৎ কানপুরে।
এরপরই মাটিগাড়া থানার একটি দল কানপুরে পৌঁছায় এবং স্থানীয় পুলিশের সহযোগিতায় নির্দিষ্ট ঠিকানায় হানা দিয়ে নাবালিকাকে উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত যুবককে। জানা গিয়েছে, তারা সেখানে গত কয়েক মাস ধরে একসঙ্গে বসবাস করছিল।
বৃহস্পতিবার ধৃত যুবককে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন। প্রাথমিকভাবে প্রেমের সম্পর্ক মনে হলেও এর পেছনে অন্য কোনও চক্র বা পাচারের উদ্দেশ্য ছিল কি না, তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে পুলিশ।
