শিলিগুড়ি: হঠাৎ আগুনে আতঙ্ক ছড়াল শিলিগুড়ির হাকিম পাড়ার একটি নার্সিংহোমে। এদিন রাত দশটা নাগাদ ওই নার্সিংহোমের ডায়ালিসিস ইউনিটের পাশে একটি স্টোর রুম থেকে আগুন ছড়িয়ে পড়ে। যদিও দ্রুত দমকল কর্মীরা হস্তক্ষেপ করায় বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে নার্সিংহোমে চিকিৎসাধীন রোগী ও তাঁদের পরিবারের লোকজনের মধ্যে আতঙ্ক তীব্র আকার ধারণ করে। নার্সিংহোম কর্তৃপক্ষ নিচের তলা থেকে কয়েকজন রোগীকে নিরাপত্তার স্বার্থে অন্যত্র সরিয়ে নিয়ে যান। দমকল আধিকারিক অপূর্ব কুমার দাস জানিয়েছেন, হাসপাতালের নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও সেই ব্যবস্থাকে কাজে লাগানোর মত কর্মীর অভাব ছিল সেই সময়। নচেৎ এই আগুনকে প্রাথমিক অবস্থাতেই নিয়ন্ত্রণে আনা যেত। আগুন থেকে সৃষ্টি হওয়া ধোঁয়ায় একজন কর্মী অসুস্থ হয়ে পড়েন। তবে রোগীদের চিকিৎসা পরিষেভায় এই আগুনের জেরে কোনও প্রভাব পড়েনি।
