শিলিগুড়ি: সিকিম থেকে শিলিগুড়ি (Siliguri) শহর ও সংলগ্ন বিহারে মদ পাচারের দুটি পৃথক বড়সড় ছক বানচাল করল আবগারি বিভাগ। শুক্রবার চালানো এই দুটি বিশেষ অভিযানে সব মিলিয়ে ১৭৫ লিটার সিকিমের মদ উদ্ধার হয়েছে। এর মধ্যে একটি অভিযান থেকেই গাড়ি সহ প্রায় ১২৫ লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক গাড়িচালককে গ্রেপ্তার করেছে আবগারি কর্মীরা।
আবগারি দপ্তর সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই তাঁদের কাছে খবর আসছিল যে সিকিমের নামচি হয়ে যাত্রীবাহী গাড়ির আড়ালে অবৈধ মদ শিলিগুড়ি ও বিহারে পাচার করা হচ্ছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে, শিলিগুড়ি রেঞ্জের ডেপুটি এক্সাইজ কালেক্টরের তত্ত্বাবধানে এবং প্রধাননগর সার্কেলের অফিসার ইন চার্জ প্রণব রায় কর্মকারের নেতৃত্বে এদিন সকালে চম্পাসারি এসজেডিএ (SJDA) মার্কেট সংলগ্ন এলাকায় নজরদারি শুরু হয়।
সেখানে একটি সন্দেহভাজন যাত্রীবাহী সিকিমের গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই ব্যাগপত্রের আড়াল থেকে ১৩টি কার্টন ভরতি সিকিমের মদ উদ্ধার হয়। উদ্ধার হওয়া মদের মধ্যে রয়েছে ১০৮ বোতল এবং ৪৮ ক্যান মদ, যার আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ৪১ হাজার ২০০ টাকা। এর পাশাপাশি আট লক্ষ টাকা মূল্যের ওই গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ঘটনায় গাড়ির চালক সন্তোষ কুমার প্রসাদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সিকিমের নামচির বাসিন্দা। ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
অন্যদিকে, এদিন রাতেই প্রধাননগর সার্কেলের অফিসার ইন চার্জের নেতৃত্বে আরও একটি অভিযান চালানো হয় শিলিগুড়ি জংশন এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে আবগারি কর্তারা জংশন এলাকায় একটি স্কুটারকে দাঁড় করাতেই চালক তরুণটি স্কুটার ফেলে চম্পট দেয়। এরপর ওই স্কুটারে তল্লাশি চালিয়ে ৫০ লিটার সিকিমের মদ উদ্ধার করেন আবগারি কর্মীরা। মদ সহ স্কুটারটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং পলাতক তরুণের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

