শিলিগুড়ি: শিলিগুড়ির (Siliguri) অন্তর্গত শালবাড়ি এলাকায় মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে প্রায় ১৬০০ গ্রাম ব্রাউন সুগার সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে এত বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই তরুণের নাম সৌরভ শর্মা ও স্বরাজ রাই। তাদের বাড়ি জোড়বাংলো থানা এলাকার অন্তর্গত। গত প্রায় তিন মাস ধরে শালবাড়ির বৃন্দাবন এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিল তারা। তবে গত কিছুদিন ধরে ওই ভাড়াবাড়িতে স্থানীয় তরুণ প্রজন্মের অস্বাভাবিক যাতায়াত ও মাদকাসক্তির প্রবণতা বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র সন্দেহ তৈরি হয়। বিষয়টি নিয়ে পুলিশের কাছে খবর পৌঁছতেই নড়েচড়ে বসে মাটিগাড়া থানার পুলিশ। শুরু হয় কড়া নজরদারি।
অবশেষে সোমবার বিকেলে ওই ভাড়াবাড়িতে আকস্মিক হানা দেয় পুলিশ। ঘর তল্লাশি করতেই একটি ব্যাকপ্যাক থেকে উদ্ধার হয় প্রায় ১৬০০ গ্রাম ব্রাউন সুগার, যা সাম্প্রতিককালে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্যতম বড় মাদক উদ্ধার বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

