শিলিগুড়ি: পশ্চিমবঙ্গের যুবশক্তির অগ্রদূত হিসেবে জাতীয় স্তরের মঞ্চে উজ্জ্বল শিলিগুড়ির (Siliguri) অনুপ বিশ্বাস (Anup Biswas) শনিবার দিল্লিতে আয়োজিত ‘ইয়ুথ ফর বিকশিত ভারত’ কনক্লেভে পশ্চিমবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করে বিশেষ নজর কাড়লেন বিনয় মোড় এলাকার এই বাসিন্দা। সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে গত বছর জাতীয় পুরস্কার পাওয়া সূর্যসেন মহাবিদ্যালয়ের প্রাক্তনী অনুপ, এদিনের কনক্লেভেও নিজের কাজের মাধ্যমে সকলের প্রশংসা কুড়িয়েছেন।
এই কনক্লেভ ছিল সারা ভারতের তরুণ স্বেচ্ছাসেবকদের মহামিলন। বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা এখানে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। অনুপের উপস্থিতিতে এদিন দিল্লি সরকারের মুখ্যমন্ত্রী রেখা গুপ্তও যোগ দিয়েছিলেন। সেখানে ‘মাই ভারত’ স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে অনুপ তাঁকে সংবর্ধনা জানান। পশ্চিমবঙ্গের যুবসমাজের উন্নয়নে অনুপের নিরলস কাজের ভূয়সী প্রশংসা করেছেন রেখা গুপ্ত।
এই গুরুত্বপূর্ণ শিবিরে সমাজসেবা, শিক্ষা এবং ক্যারিয়ার গাইডেন্সের মতো বিষয়ে যুবসমাজকে কীভাবে আরও বেশি সক্রিয় ও দক্ষ করে তোলা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দেশের বিভিন্ন প্রান্তের স্বেচ্ছাসেবকদের কাজের পদ্ধতি থেকে অনুপ্রেরণা নিয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন অনুপ।
এই অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে অনুপ বিশ্বাস জানান, “এই ধরনের কনক্লেভ আমাদের জন্য খুবই শিক্ষামূলক। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধিরা এখানে যোগ দেন। কোন রাজ্যে কি ধরনের কাজ হচ্ছে সেসম্পর্কে জানতে পারা যায়। পাশাপাশি পশ্চিমবঙ্গে যুবদের নিয়ে আর কি কি কাজ করা যেতে পারে তা নিয়েও আলোচনা করা হয়েছে।”
অনুপের এই সাফল্যে খুশি তাঁর টিমের বাকি সদস্যরা। শিলিগুড়ির তরুণ প্রজন্মের কাছে তিনি এখন এক বড় অনুপ্রেরণা। অনুপের এই সম্মেলনে অংশগ্রহণ করার ফলে রাজ্যের যুবশক্তি আগামী দিনে নতুন দিশা পাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
