Siliguri | ঐতিহ্যবাহী টয় ট্রেনে এবার জঙ্গল সফর! ব্রেকফাস্ট থেকে মোমো, পর্যটকদের জন্য এলাহি আয়োজন DHR-এর

Siliguri | ঐতিহ্যবাহী টয় ট্রেনে এবার জঙ্গল সফর! ব্রেকফাস্ট থেকে মোমো, পর্যটকদের জন্য এলাহি আয়োজন DHR-এর

শিক্ষা
Spread the love


শিলিগুড়ি: পর্যটকদের জন্য বছরের শুরুতেই বড় সুখবর দিল ডিএইচআর কর্তৃপক্ষ। দীর্ঘ পাঁচ বছর বন্ধ থাকার পর ফের চালু হলো ‘জঙ্গল সাফারি’ টয় ট্রেন (Toy Practice Safari)। মূলত উত্তরবঙ্গের জঙ্গল ও পাহাড়ের সৌন্দর্যকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে (Siliguri To Gayabari)

আপাতত প্রতি শনিবার ও রবিবার এবং সরকারি ছুটির দিনগুলোতে এই বিশেষ ট্রেনটি চলবে। সকাল ১০টায় শিলিগুড়ি জংশন থেকে যাত্রা শুরু করে ট্রেনটি গয়াবাড়ি পৌঁছাবে। যাত্রাপথে সুকনা, রংটং, পাগলাঝোরা ও তিনধারিয়ার মতো নয়নাভিরাম এলাকাগুলো অতিক্রম করবে ঐতিহ্যবাহী এই ছোট রেল। এই রুটের বিশেষ আকর্ষণ হলো মহানন্দা বন্যপ্রাণ অভয়ারণ্য। বনের বুক চিরে ট্রেন যাওয়ার সময় পর্যটকদের বুনো হাতি, বাইসন বা হরিণের দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

একদিনের এই সম্পূর্ণ প্যাকেজ ট্যুরে পর্যটকদের জন্য এলাহি ব্যবস্থা রাখা হয়েছে। প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থার প্রধান সঞ্জয় গোস্বামী জানান, যাত্রার শুরুতে থাকছে ব্রেকফাস্ট এবং গয়াবাড়িতে পৌঁছে মধ্যাহ্নভোজের (লাঞ্চ) আয়োজন। ফেরার পথে সন্ধ্যায় পাহাড়ের আমেজে চা বা কফির সঙ্গে পরিবেশন করা হবে দার্জিলিংয়ের জনপ্রিয় মোমো। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রতিটি কামরায় মহিলা কর্মী নিয়োগ করা হয়েছে।

মাথাপিছু ২ হাজার ২০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে এই সফরের জন্য। ডিএইচআর-এর (DHR) ডিরেক্টর ঋষভ চৌধুরী জানিয়েছেন, বর্তমান পর্যটন মরশুমে জঙ্গল সাফারির পাশাপাশি আরও কয়েকটি বিশেষ সাফারি চালুর পরিকল্পনা রয়েছে। প্রথম দিনের যাত্রাতেই ২৬ জন পর্যটক অংশ নিয়ে কামরার সাজসজ্জা ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন। আপাতত সাত বছরের চুক্তিতে এই পিপিপি মডেলের পরিষেবাটি চলবে।

পাহাড়ের ঐতিহ্য ও বন্যপ্রাণের রোমাঞ্চকে এক সুতোয় গেঁথে এই জঙ্গল সাফারি উত্তরবঙ্গের পর্যটন শিল্পে নতুন প্রাণ সঞ্চার করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *