উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অনুমতি না নিয়েই অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের (Shweta Bhattacharya) বিয়ের ছবি ব্যবহারের অভিযোগ উঠল কলকাতার এক বুটিক সংস্থার বিরুদ্ধে। যা নিয়ে বেজায় ক্ষুব্ধ অভিনেত্রী।
শ্বেতার আশীর্বাদ থেকে শুরু করে বিয়ে, রিসেপশন সব লুকেরই দায়িত্বে ছিলেন স্টাইলিস্ট রুদ্র সাহা। আর বিয়ের বেনারসির সঙ্গে মানানসই ব্লাউজটি বানিয়েছিল শিলিগুড়ির এক ডিজাইনার ভিকি দাস। বিয়ের দিন সেই ডিজাইনার ব্লাউজ, লাল বেনারসি শাড়ি, গয়নায় সেজে উঠেছিলেন শ্বেতা। তাঁর বিয়ের লুকের ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। শ্বেতাকে বিয়ের সাজে দেখে মুগ্ধও হয়েছিলেন অনুরাগীরা। কিন্তু অভিযোগ যে, শ্বেতার এই বিয়ের সাজের ছবিই নাকি ব্যবহার করেছে কলকাতার এক বুটিক। এমনকি শ্বেতার বিয়ের ব্লাউজটি ওই বুটিক থেকে তৈরি হয়েছে, প্রচারের মাধ্যমে এমনই ধারণা ছড়ানো হচ্ছে। আর তাতেই ক্ষোভে ফুঁসছেন শ্বেতা।
আর সত্যিটা সামনে আনতে স্টাইলিস্ট রুদ্র সাহার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও বার্তায় শ্বেতা জানিয়েছেন, কেউ যাতে গুজবে কান না দেন। কারণ তাঁর বিয়ের ব্লাউজ বানিয়েছেন ভিকি দাস। এমনকি অনুমতি না নিয়ে তাঁর ছবি আগামীতে ব্যবহার করলে আইনি ব্যবস্থারও (Authorized motion) হুঁশিয়ারি দিয়েছেন অভিনেত্রী।
