Shubman Gill | ইডেন টেস্টে বড় ধাক্কা ভারতের! ঘাড়ের চোটে হাসপাতালমুখী অধিনায়ক গিল

Shubman Gill | ইডেন টেস্টে বড় ধাক্কা ভারতের! ঘাড়ের চোটে হাসপাতালমুখী অধিনায়ক গিল

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে প্রথম টেস্টের মাঝেই চরম উদ্বেগ ভারতীয় শিবিরে। ব্যাট করার সময় ঘাড়ের মারাত্মক চোটে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন অধিনায়ক শুভমান গিল। শনিবার তাঁকে তড়িঘড়ি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে ‘নেক স্প্যাজম’ বা ঘাড়ের পেশিতে টান বলে জানানো হলেও, তাঁর বাকি ম্যাচে খেলা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ম্যাচের দ্বিতীয় দিনে ভারতের প্রথম ইনিংস চলাকালীন এই বিপত্তি ঘটে। ওয়াশিংটন সুন্দরের উইকেট পতনের পর শুভমান গিল ক্রিজে আসেন এবং দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হার্মারের বিরুদ্ধে একটি স্লগ সুইপ খেলেন। শটটি স্কোয়ার লেগ দিয়ে বাউন্ডারি পার হলেও, এরপরই গিলকে যন্ত্রণায় কাতর হতে দেখা যায়। তিনি তৎক্ষণাৎ ঘাড়ের বাম দিকে হাত চেপে ধরে ফিজিওকে ডাকেন।

জানা যায়, শুভমান দিনের শুরু থেকেই সামান্য অস্বস্তিতে ভুগছিলেন, কিন্তু শটটি খেলার পর সেই ব্যথা তীব্র আকার ধারণ করে। মাত্র ৩ বল খেলে ৪ রানে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।ড্রেসিংরুমে প্রাথমিক চিকিৎসা এবং একটি নেক কলার পরিধানের পরও শুভমানের অস্বস্তি কমেনি। পরিস্থিতি গুরুতর হওয়ায় দল পরিচালনার পক্ষ থেকে তাঁকে আরও বিস্তারিত পরীক্ষার জন্য হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলে তাঁকে সার্ভিকাল কলার পরিয়ে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে ইডেন গার্ডেন্স থেকে নিয়ে যাওয়া হয়।

বিসিসিআই (BCCI) এক আপডেটে জানিয়েছে যে, গিল ‘নেক স্প্যাজম’-এ ভুগছেন এবং বোর্ডের মেডিক্যাল টিম তাঁর উপর নিবিড় নজর রাখছে। চোটের তীব্রতা নির্ণয়ের জন্য আরও পরীক্ষা করা হবে এবং সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

গিলের চোট নিয়ে দলের বোলিং কোচ মর্নে মরকেলকে জিজ্ঞাসা করা হলে তিনি অতিরিক্ত খেলার চাপকে অস্বীকার করেন। মরকেল বলেন, “আসলে কী কারণে ঘাড় শক্ত হলো, সেটা আগে দেখতে হবে। হয়তো রাতে ঠিকমতো ঘুম না হওয়ার ফলেই এমন হয়েছে। গিল অত্যন্ত ফিট একজন খেলোয়াড়, সে নিজের যত্ন খুব ভালো করে নেয়।” তবে তিনি মেনে নেন, ঠিক এই গুরুত্বপূর্ণ সময়ে গিলের মাঠ ছাড়াটা দলের জন্য দুর্ভাগ্যজনক।

গিলের অনুপস্থিতিতে এই ম্যাচে উইকেটের পিছনে থাকা ঋষভ পন্ত নেতৃত্ব দিচ্ছেন। অধিনায়কের এমন গুরুতর চোট সত্ত্বেও টেস্টে ভারত শক্তিশালী অবস্থানে রয়েছে। দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৩ রানে এগিয়ে রয়েছে, হাতে রয়েছে মাত্র ৩ উইকেট। দ্রুত প্রোটিয়াদের গুটিয়ে দিয়ে ভারত সিরিজ শুরুর ম্যাচটি জিতে নিতে চাইবে। তবে গিলের চোট ভারতের ভবিষ্যতের জন্য বড় চিন্তার কারণ হয়ে রইল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *