মুম্বই: চোট পেয়েছিলেন সিডনিতে। সেই চোট থেকে এখনও তিনি পুরো সুস্থ হতে পারেননি। জানা গিয়েছে, পুরো ফিট হয়ে শ্রেয়স আইয়ারের আরও অন্তত তিন মাস লাগবে বাইশ গজে ফিরতে। মনে কার হচ্ছে, আইপিএলের মাধ্যমেই ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাবেন শ্রেয়স।
অক্টোবর মাসে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল টিম ইন্ডিয়া। অধিনায়ক শুভমান গিলের ডেপুটির দায়িত্ব পেয়েছিলেন শ্রেয়স। সেই সিরিজেই সিডনির ম্যাচে চোট পান শ্রেয়স। সেখানকার হাসপাতালে তাঁর চিকিৎসাও চলে দীর্ঘসময়। গত ১৬ নভেম্বর সিডনি থেকে মুম্বই ফিরেছেন শ্রেয়স। আপাতত তিনি বিশ্রামে। চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন। তাঁর চোটের যা অবস্থা, ফিট হয়ে মাঠে ফিরতে সময় লাগবে বলে খবর। সর্বভারতীয় এক দৈনিকে আজ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক শীর্ষকর্তা শ্রেয়স প্রসঙ্গে বলেছেন, ‘একদিনের ক্রিকেটে টিম ইন্ডিয়ার সহ অধিনায়কের এখনই মাঠে ফেরা কঠিন। অন্তত আরও তিন মাস তাঁকে মাঠের বাইরে থাকতে হবে।’ ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে আসন্ন একদিনের ও টি২০ সিরিজে শ্রেয়সের খেলার কোনও সম্ভাবনাই নেই। জানুয়ারি মাসে নিউজিল্যান্ড সিরিজেও অনিশ্চিত শ্রেয়স। ফেব্রুয়ারি ৭ থেকে দেশের মাটিতে শুরু হতে চলা কুড়ির বিশ্বকাপেও শ্রেয়সকে দলে পাওয়ার সম্ভাবনা নেই সূর্যকুমার যাদবের। হয়তো মার্চের শেষে যখন ২০২৬ সালের আইপিএল শুরু হবে, তখন সেখানে ফিরতে পারেন শ্রেয়স।
