উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্রিকেট মাঠের চওড়া হাসি আর সেই সিগনেচার সেলিব্রেশন— ‘গব্বর’ থুড়ি শিখর ধাওয়ানকে এভাবেই চেনে ক্রিকেট দুনিয়া। তবে এবার মাঠের বাউন্ডারি নয়, বরং জীবনের নতুন এক ইনিংসে পা রাখলেন ভারতের এই প্রাক্তন তারকা ওপেনার। দীর্ঘ প্রতীক্ষা আর ব্যক্তিগত জীবনের টানাপড়েন পেরিয়ে শনিবার দিল্লিতে প্রেমিকা সোফি শাইনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি।
দিল্লিতে আয়োজিত এই বিবাহ অনুষ্ঠান ছিল একেবারেই ছিমছাম এবং ঘরোয়া। তবে ধাওয়ানের জীবনের এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন তাঁর ক্রিকেট জীবনের প্রিয় সতীর্থরা। ভারতের বর্তমান অধিনায়ক এবং ধাওয়ানের এককালীন দীর্ঘদিনের ওপেনিং পার্টনার রোহিত শর্মা উপস্থিত থেকে শুভেচ্ছা জানান তাঁর বন্ধুকে। ছবি শেয়ার করে ভক্তদের সারপ্রাইজ দিয়েছেন স্পিনার যুজবেন্দ্র চহাল। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সময় প্রথমবার সোফি ও শিখরকে একসঙ্গে দেখা গিয়েছিল, যা নিয়ে তখন থেকেই কানাঘুষো শুরু হয় অনুরাগীদের মধ্যে।
আয়ারল্যান্ডের বাসিন্দা সোফি শাইন পেশায় একজন মার্কেটিং ও ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ। ২০১৮ সাল থেকে একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত তিনি। ভারত এবং ভারতীয় সংস্কৃতির প্রতি সোফির ভালোবাসা নতুন নয়, তিনি দীর্ঘদিন ধরেই ভারতে বসবাস করছেন। সমাজমাধ্যমেও যথেষ্ট সক্রিয় এই লাস্যময়ী আয়ারল্যান্ড কন্যা।
শিখর ধাওয়ানের জীবনের এই নতুন মোড়টি খুব একটা সহজ ছিল না। ২০১২ সালে আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হওয়ার পর ২০২১ সালে দীর্ঘ ৯ বছরের সম্পর্কের অবসান ঘটে। মানসিকভাবে বিধ্বস্ত ধাওয়ান আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং বিচ্ছেদের পর নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার লড়াই চালিয়ে গেছেন। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর সোফির সঙ্গেই নিজের ভবিষ্যৎ গোছানোর পরিকল্পনা করেন তিনি।গ্যালারিতে আর ‘গব্বর’-এর গর্জন শোনা না গেলেও, তাঁর ব্যক্তিগত জীবনের এই শুভকামনায় ভাসছেন ক্রিকেটপ্রেমীরা।
