উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নিয়োগ সংক্রান্ত জটিলতা নিরসনে এবং আটকে থাকা চাকরির দাবিতে সোমবার কলকাতার বিজেপি কার্যালয়ে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা করলেন চাকরিপ্রার্থীদের একাংশ। এদিন রাজ্য বিজেপির (BJP) শীর্ষ নেতৃত্বকে সামনে পেয়ে নিজেদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরেন তাঁরা। বিভিন্ন পরীক্ষায় প্যানেলে নাম থাকা সত্ত্বেও দীর্ঘ সময় নিয়োগ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন চাকরিপ্রার্থীরা। নতুন সরকারের কাছে তাঁদের দাবি, অবিলম্বে এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হোক।
চাকরিপ্রার্থীদের অভিযোগ শুনে শমীক ভট্টাচার্য বলেন, “এখনও মন্ত্রিসভা পূর্ণাঙ্গ রূপ পায়নি। জুনের প্রথম সপ্তাহের মধ্যে তা তৈরি হয়ে যাবে। সরকার দায়িত্ব নিয়ে এবং সহানুভূতির সঙ্গে সমস্ত পেন্ডিং বিষয়গুলি খতিয়ে দেখবে।” এদিনের আলোচনার সময় তিনি স্পষ্ট করেন যে, রাজ্যের বিগত সময়ের দুর্নীতি এবং মেধা প্রতারণার বিষয়টি তাঁর অজানা নয়। শমীক বলেন, “রাজ্যে যে দুর্নীতি হয়েছে, চাকরি বিক্রি হয়েছে এবং যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে, তা আমি জানি। আমি সরকার নই, তাই সরাসরি নির্দেশ দিতে পারি না। তবে আমি অবশ্যই সরকারের কাছে আপনাদের এই দাবির কথা পৌঁছে দেব।”
চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Shuvendu Adhikari) ওপর ভরসা রাখার বার্তা দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। তিনি বলেন, “আপনারা আস্থা রাখুন। গত পাঁচ বছর ধরে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে প্রতিটি বঞ্চিত ও প্রতারিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি এই সমস্যা ভালো করে বোঝেন। দল তাঁর পাশে আছে। তিনি আপনাদের সমস্যার সমাধান করে দেবেন, শুধু কিছুটা সময় দিন।”
উল্লেখ্য, এদিন সল্টলেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ‘জনতার দরবার’-এর আয়োজন করেছিলেন। সেখানেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাকরিপ্রার্থীদের একাধিক সংগঠনের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। চাকরিপ্রার্থীদের দাবি, মুখ্যমন্ত্রী তাঁদের সমস্যার কথা শুনেছেন এবং দ্রুত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। নতুন সরকারের কাছে এখন কার্যত আশায় বুক বেঁধেছেন দীর্ঘদিনের এই চাকরিপ্রার্থীরা।
