উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ স্বপ্ন দেখতে কে না ভালোবাসে, কিন্তু সবসময় সবার স্বপ্ন কি আর বাস্তবে রূপান্তরিত হয়? কেউ হয়তো ব্যর্থ হয়ে বারবার ভেঙে গিয়ে নিজেই হয়ে ওঠে নিজের আস্ত একটা প্রতিষ্ঠান। যেমন মায়ের মৃত্যুর পর মাত্র ১৫০০ টাকা হাতে নিয়ে দিল্লি থেকে মুম্বইয়ে পা রেখেছিলেন মধ্যবিত্ত পরিবারের ছেলে শাহরুখ খান(Shah rukh khan)। বাকিটা ইতিহাস।
বলিউডে কিং শাহরুখ খানের জন্মদিন ভক্তদের কাছে যেন এক উৎসব। নভেম্বর মাস পড়তে না পড়তেই শুরু হয়ে যায় বিভিন্ন ফ্যান ক্লাবের আয়োজন, শাহরুখ খানও বিষয়টা নিয়ে বেশ উৎসাহী থাকেন। বিশেষ পার্টিরও আয়োজন করেন। কখনও কখনও আবার অনুরাগীদের জন্যে থাকে বিশেষ উপহার। ২০২৫ এর জন্মদিনেও ভক্তদের নিরাশ করলেন না। রবিবার পরিচালক সিদ্ধার্থ আনন্দ নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করলেন বহু প্রতিক্ষীত ছবি ‘কিং’–এর রোমাঞ্চকর টিজার। মুহূর্তেই যা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। কিং খানের জন্মদিনে ‘কিং’-এর প্রথম ঝলকই মন কাড়ল সকলের। তাঁর জন্মদিনে, পরিচালক সিদ্ধার্থ আনন্দ বহু প্রতীক্ষিত ছবি “কিং” এর টাইটেল রিভিল ভিডিও প্রকাশ করেছেন। যেখানে অন্ধকার জগতের, নির্মম ও হিংসাত্মক চরিত্রে দেখা গেল শাহরুখকে। রুপোলি চুল, রক্তাক্ত মুখ, আর চোখে মুখে হিংসা। পুরো আবহই ইঙ্গিত দিচ্ছে এ এক থ্রিলার অ্যাকশন ইউনিভার্সের ছবি। হাতে ‘King of Hearts’ কার্ড ঘুরিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে শাহরুখ বলেন, “কতগুলো খুন করেছি জানি না… হাজার অপরাধ, ১০০ দেশে বদনাম…” শাহরুখকে(Shah rukh khan) এ লুকে আগে কখনও দেখা যায়নি।
ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তাঁর মেয়ে সুহানা খান, আরও আছেন দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি ও অনিল কাপুর। ছবি মুক্তি পাবে সম্ভবত ২০২৬ সালে। ২০২৩ সালে ‘জওয়ান’ দিয়ে বক্স অফিস কাঁপিয়েছিলেন শাহরুখ। এবার দেখার “কিং”-এ কতটা ঝড় তোলে।
