মুম্বই: ঠিক যেন আম দরবার। মন্নতের সামনে আলাদা একটা উঁচু জায়গাই আছে। প্রতিবছর নভেম্বর মাসের ২ তারিখ সেখানে দাঁড়িয়ে অগণিত ভক্তদের দর্শন দেন, অভিনন্দন জানান আর জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করেন শাহরুখ খান (Shah Rukh Khan)। তবে এবছরটা ব্যতিক্রম হয়ে গেল। সেই নির্ধারিত জায়গায় বাদশা-দর্শন হল না ভক্তদের। ভক্তদের সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল, সব ঠিক ছিল, কিন্তু শেষমুহূর্তে ছন্দপতন। হতাশ হয়ে রবিবার তাই মন্নতের সামনে থেকে ফিরে গেলেন হাজার হাজার ভক্ত। অনুরাগীদের মনোবেদনা ঠিকই টের পেয়েছেন শাহরুখ। তাই রবিবার সন্ধ্যায় টুইটে নিজেই জানালেন তাঁর অদর্শনের পিছনে রহস্যটা কী। সেইসঙ্গে চেয়ে নিয়েছেন ক্ষমাও।
এক্স (X) হ্যান্ডেলে শাখরুখ লিখেছেন, ‘কর্তৃপক্ষের পরামর্শে আমাকে জানানো হয়েছে যে, আজ আমি বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে, আমার প্রিয় মানুষজনের সঙ্গে দেখা করতে বা শুভেচ্ছা জানাতে পারব না, যারা এতক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছ। তোমাদের প্রত্যেকের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। তবে জানানো হয়েছে, এটি সবার নিরাপত্তার স্বার্থে নেওয়া সিদ্ধান্ত, কারণ ভিড় সামলানো কঠিন হয়ে পড়েছিল।’ তিনি আরও লিখেছেন, ‘তোমরা বোঝার চেষ্টা করো, আর বিশ্বাস করো, তোমাদের দেখা না পেয়ে আমি তোমাদের থেকেও বেশি কষ্ট পাব। আমি ভীষণভাবে মুখিয়ে ছিলাম তোমাদের সঙ্গে দেখা করে ভালোবাসা ভাগ করে নিতে। তোমাদের সবাইকে ভালোবাসি।’
Have been suggested by authorities that I will be unable to step out and greet all you beautiful individuals who have been ready for me.
My deepest apologies to all of you however have been knowledgeable that it’s for the general security of everybody as a result of crowd management points.Thanks for…
— Shah Rukh Khan (@iamsrk) November 2, 2025
শাহরুখের এই পোস্ট ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভক্তদের আবেগের ঢেউ। কেউ লিখেছেন, ‘বাদশা, আমরা তোমার অপেক্ষায় থাকব সবসময়।’ কেউ আবার বলেছেন, ‘তোমার নিরাপত্তাই সবার আগে।’
