গঙ্গারামপুর: প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে (Sexual Harassment Allegation) শোরগোল পড়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর। অভিযুক্ত শিক্ষকের (Major Instructor Accused) খোঁজ পাওয়া যায়নি। ঘটনার জেরে অসুস্থ নাবালিকাকে হাসপাতালে চিকিৎসা করাতে হয়েছে। সোমবার ওই ছাত্রীর মা গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গঙ্গারামপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত শুক্রবার ঘটনাটি ঘটে। অভিযোগ, স্কুল ছুটির পর ওই শিশুটিকে চকোলেটের প্রলোভন দেখিয়ে দোতলায় নিয়ে যান অভিযুক্ত শিক্ষক। সেখানেই তাকে যৌন নির্যাতন করা হয় বলে পরিবারের দাবি। বাড়িতে ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে।
লিখিত অভিযোগ পাওয়ার পর থেকেই গঙ্গারামপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) শুভতোষ সরকার জানিয়েছেন, “অভিযোগ জমা পড়েছে, তদন্ত চলছে। আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বিষয়টি তাঁর কাছে অত্যন্ত বেদনাদায়ক। অভিযুক্ত শিক্ষক অসুস্থতার কারণ দেখিয়ে সোমবার স্কুলে উপস্থিত হননি। স্থানীয় বাসিন্দারা এবং ছাত্রীর পরিবার অভিযুক্তের ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন।
