Samuktala | চারা রোপণে বিপাকে কৃষকরা, মাঠে জল থাকলেও নেই শ্রমিক

Samuktala | চারা রোপণে বিপাকে কৃষকরা, মাঠে জল থাকলেও নেই শ্রমিক

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


রাজু সাহা, শামুকতলা: চলতি মরশুমে প্রত্যাশার চেয়ে বৃষ্টিপাত অনেকটাই কম হলেও গত দু-তিন দিনের টানা বর্ষণে ডুয়ার্সের নীচু কৃষিজমিগুলোয় ধান চাষের অনুকূল জল জমেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে শামুকতলা সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকায় পুরোদমে ধানের চারা রোপণের কাজ শুরু করেছেন কৃষকরা। তবে একযোগে সব জমিতে কাজ শুরু হওয়ায় আলিপুরদুয়ার জেলার শামুকতলায় (Samuktala) কৃষিশ্রমিক পাওয়া এখন দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। ফলে নির্দিষ্ট সময়ে ধান রোপণ করা নিয়ে চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় চাষিরা।

জেলায় বছরভর কাজ না মেলায় বহু শ্রমিক জীবিকার তাগিদে ইতিমধ্যে ভিনরাজ্যে পাড়ি দেওয়ায় গ্রামে এখন শ্রমিকের সংখ্যা তলানিতে। এর মধ্যে একসঙ্গে আমন মরশুমে শামুকতলায় চারা রোপণ শুরু হওয়ায় বিপাকে কৃষকরা। এলাকার কৃষক রঞ্জিত দেবনাথের বক্তব্য, ‘এমনিতেই গ্রামে শ্রমিক কম, তার ওপর এখন একযোগে চাষ শুরু হওয়ায় চাহিদা তুঙ্গে। পরিস্থিতি এমন যে অতিরিক্ত মজুরি দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। ফলে বহু জমি এখনও খালি পড়ে রয়েছে।’ মঙ্গলবার শামুকতলার তালেশ্বরগুড়ি এলাকায় গিয়ে দেখা গেল, শ্রমিক না পেয়ে মণিরুদ্দিন হক নামের এক কৃষক তীব্র গরমে একাই নিজের জমিতে ধানের চারা রোপণ করছেন। তিনি জানান, মাঠে জল জমে থাকার সুযোগ হাতছাড়া করতে চান না বলেই সকাল থেকে একাই কাজ করছেন। কিছুটা দূরে জমিতে কাজ করছিলেন ক্রিসস্টম মারান্ডি। তিনি বললেন, ‘এখনই ধান রোপণের উপযুক্ত সময়। কয়েকদিন দেরি হলে জমির জল শুকিয়ে যেতে পারে। কিন্তু চারা রোপণের প্রয়োজনীয় লোক পাওয়া যাচ্ছে না।’ তীব্র রোদ ও গরমের কারণে শ্রমিকদের একাংশ মাঠে কাজ করতে অনীহা প্রকাশ করছেন বলে জানান অনেকে। কৃষক নিতাই সরকারের বক্তব্য, এলাকার অধিকাংশ শ্রমিক কেরল, তামিলনাডু, কর্ণাটকের মতো রাজ্যে চলে যাওয়ায় এই ভরা মরশুমে চরম সংকট তৈরি হয়েছে। বাধ্য হয়ে অনেকে বেশি মজুরি দিয়েই কাজ করাচ্ছেন।

কৃষি দপ্তরের কর্তাদের মতে, ধান রোপণের একটি নির্দিষ্ট সময়সীমা থাকে। সময় পেরিয়ে গেলে ফলন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এই পরিস্থিতিতে শ্রমিকের ওপর নির্ভরতা ও সংকট কাটাতে কৃষকদের আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *