সামসী: এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Highway Accident) প্রাণ হারালেন এক গৃহবধূ। আহত হয়েছেন তাঁর স্বামী ও নয় বছরের কন্যা। শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে ৩১ নম্বর জাতীয় সড়কের সামসী-জিয়াগাছি বাইপাস মোড়ে (Samsi)।
জানা গিয়েছে, নিহত গৃহবধূর নাম বিউটি খাতুন (৩২)। আহত স্বামী কাউসার আজম (৪৬) ও কন্যা খানসা আজমি (৯) সামসী গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের বাড়ি চাঁচল-১ ব্লকের ধনজনা গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মেয়েকে সামসীর একটি আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দিতে মোটরবাইকে চেপে সপরিবারে রওনা হয়েছিলেন কাউসার। সামসী-জিয়াগাছি বাইপাস মোড়ে পৌঁছালে, পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি গাজোলগামী লরি তাঁদের বাইকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার চোটে তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সামসী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বিউটি খাতুনকে মৃত ঘোষণা করেন। আহতদের কপাল, হাত ও মাথায় গুরুতর চোট রয়েছে।
আহত কাউসার আজম জানান, তাঁরা অত্যন্ত সতর্কভাবে যাচ্ছিলেন, কিন্তু লরিটির দ্রুতগতি কেড়ে নিল তাঁদের সুখের সংসার। স্থানীয়দের অভিযোগ, জিয়াগাছি মোড়ে পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণ ও ব্যারিকেড না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে শোকপ্রকাশ করেছেন এবং আহতদের উন্নত চিকিৎসার আশ্বাস দিয়েছেন।
এদিকে, ঘটনার পরই ঘাতক লরিটি সেখান থেকে পালায়। লরিটি ও তার চালকের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা দোষী চালকের কঠোর শাস্তির দাবি তুলেছেন। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।

