শালকুমারহাট: গত ৫ অক্টোবরের ভয়ংকর স্মৃতি ফের ফিরে এল আলিপুরদুয়ার ১ ব্লকের শালকুমারহাট(Salkumarhat) এলাকায়। শুক্রবার সকাল থেকে ভারী বৃষ্টি হয়। এই বৃষ্টিতে জল বাড়তে থাকে শিসামারা নদীর। তবে দুপুর পর্যন্ত নদীর জল স্তর বাড়লেও গ্রামে ঢোকেনি। কিন্তু বিকেলের দিকে নতুনপাড়া গ্রামের নবীন সংঘ কলোনি পাড়ায় বাঁধের পুরোনো ভাঙা অংশ দিয়ে জল ঢুকতে শুরু করে। সন্ধ্যার মধ্যে প্রায় ২০০ বাড়িতে ঘোলা জল ঢুকে পড়ে। শুরু হয় চরম আতঙ্ক। এদিকে জেলা প্রশাসন ও জলদাপাড়া বন দপ্তরের তরফে তড়িঘড়ি মাইকে সবাইকে সতর্ক থাকতে প্রচার করা হয়। এলাকায় ছুটে আসে সোনাপুর ফাঁড়ির পুলিশ ও আলিপুরদুয়ার ১ -র বিডিও বিশ্বনাথ মজুমদার। নদী লাগোয়া বাসিন্দাদের তড়িঘড়ি উদ্বার করে নিয়ে আসা হয় লাল্টুরাম হাইস্কুলে। সেখানেই প্রশাসনের তরফে ত্রাণ শিবির খোলা হয়। ওই শিবিরে দুই শতাধিক বাসিন্দা আশ্রয় নিয়েছেন। এলাকার মানুষ ভয় পাচ্ছেন রাতের কথা ভেবে। কারণ,আরও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গত ৫ অক্টোবর নেপালিবস্তি এলাকাতেও বাঁধ ভেঙেছিল। সেখানে মাটির বস্তা ফেলে কোনোরকমে বাঁধ সংস্কার করা হয়। সেখানেও বাঁধ ছুঁই ছুঁই অবস্থায় নদীর জল বইছে। প্রশাসন জানিয়েছে, রাতের জন্য সবরকমের সতর্কতামূলক ব্যবস্থা রাখা হচ্ছে। ইতিমধ্যে এলাকায় চলে এসেছে সিভিল ডিফেন্স ও এনডিআরএফের টিম।
